নূর হোসেনের মায়ের কাছে রাঙ্গার দুঃখ প্রকাশ

বক্তব্য প্রত্যাহার করলেন জাতীয় পার্টির মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপি। একইসঙ্গে নিজের বক্তব্যের জন্য নূর হোসেনের মায়ের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “গত ১০ নভেম্বর তারিখে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে ঘূর্ণিঝড়ের কারণে ঘরোয়াভাবে আয়োজিত গণতন্ত্র দিবসের আলোচনা সভায় আমার কিছু বক্তব্য নিয়ে কোনো কোনো মহল এবং বিশেষ করে নূর হোসেনের পরিবারের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

প্রতি বছর নূর হোসেনের মৃত্যুবার্ষিকীর দিনে কয়েকটি সংগঠনের আলোচনা, বক্তব্য ও বিবৃতিতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে হেয় প্রতিপন্ন করা হয়। এমনকি তাকে অশ্রাব্য ভাষায় গালাগালিও করা হয়। এর ফলে জাতীয় পার্টির কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সেই প্রেক্ষিতে কর্মীদের উত্তেজনার মধ্যে বক্তব্য প্রদানকালে অনিচ্ছাকৃতভাবে আমার মুখ থেকে নূর হোসেন সম্পর্কে কিছু অযাচিত কথা বেরিয়ে গেছে যা নূর হোসেনের পরিবারের সদস্যদের মনে আঘাত করেছে। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও অনুতপ্ত।

নূর হোসেনের পরিবারের প্রতি আমাদের প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদও সমব্যাথী ছিলেন। অতএব, অসতর্কভাবে বলে ফেলা আমার বক্তব্যে যে আঘাত লেগেছে তার জন্য আমি নূর হোসেনের মায়ের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একই সাথে আমার যে বক্তব্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেসব বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি।”

এর আগে, রবিবার শহীদ নূর হোসেন দিবসে এক অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, নূর হোসেনকে ইয়াবাখোর ও ফেন্সিডিলখোর বলে মন্তব্য করেন। এর প্রতিবাদে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে শহীদ নূর হোসেনের পরিবার। মন্ত্রীত্ব চলে যাওয়ায় রাঙ্গা উল্টাপাল্টা বকছেন বলে মন্তব্য করেন তারা। তাকে বয়কট এবং শাস্তির দাবি জানান নূর হোসেনের মা ও ভাই।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর