গোপালগঞ্জে আরটিসি’র সভা

গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় মঙ্গলবার (১২ নভেম্বর’১৯) সকাল ১০টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াছুর রহমান -এর সভাপতিত্বে গোপালগঞ্জ জেলা আঞ্চলিক পরিবহন কমিটি (RTC) -এর সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল মাসুদ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, গোপালগঞ্জ জেলা বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক সুবীর কুমার সাহা, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সফিকুল ইসলাম হাওলাদার, গণমাধ্যমকর্মী কে, এম, সাইফুর রহমান, দোলা পরিবহন প্রাইভেট লিমিটেড-এর স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, ফাল্গুনী মধুমতি পরিবহনের পরিচালক মোঃ শরীফুল আলম টিটু ও মোঃ তৌফিকুল আলম বিটু, ইমাদ এন্টারপ্রাইজ গোপালগঞ্জের ব্যবস্থাপক শেখ রেজাউল করিম বাসু, টুঙ্গিপাড়া এক্সপ্রেস -এর প্রতিনিধি দুলাল হোসেন, গোপালগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওমর আলী মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরটিসি (RTC) -এর সভায় প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা বলেন, বর্তমান সরকার কর্তৃক গৃহীত নতুন সড়ক আইন যা ১লা নভেম্বর থেকে জাতীয় পর্যায়ে কার্যকর হয়েছে। আপাতত নতুন আইনটি প্রচার-প্রসার ও জনসচেতনতার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, অতি দ্রুতই এই আইনটি কার্যকর করা হবে। সে অর্থে আপনাদের যানবাহন সহ যাবতীয় ত্রুটিপূর্ণ কাগজপত্রগুলো বিআরটিএ ও সংশ্লিষ্ট দপ্তর থেকে ত্রুটিমুক্ত করে নিবেন এবং চালক ভাইয়েরা বিধি মোতাবেক বিআরটিএ থেকে কোনোরকম হয়রানি ছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করে নিতে পারবেন।

ইমাদ এন্টারপ্রাইজ -এর গোপালগঞ্জের ব্যবস্থাপক শেখ রেজাউল করিম বাসু’র এক প্রশ্নের উত্তরে জেলা প্রশাসক আরো বলেন, যে সকল চালক ভাইদের মধ্যম শ্রেণীর ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং সেই লাইসেন্স ব্যবহার করে তারা দীর্ঘদিন যাবৎ বড় বাস গাড়ি চালিয়ে আসছেন, তারা তাদের নিকট থাকা ড্রাইভিং লাইসেন্স টি গোপালগঞ্জ বিআরটিএ -এর নিকট জমা দিয়ে খুব সহজেই ভারী ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে পারবেন এবং এ বিষয়ে তিনি গোপালগঞ্জ বিআরটিএ -এর সংশ্লিষ্ট দপ্তরকে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াছুর রহমান বলেন, গোপালগঞ্জ জেলায় ড্রাইভিং লাইসেন্সের আবেদন এবং প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স বিতরণ প্রক্রিয়া আরো সহজতর করতে এবং জনগণের দোরগোড়ায় এ সেবা পৌঁছে দিতে বর্তমান জেলা প্রশাসকের দিকনির্দেশনায় ৫ উপজেলায়ও -এ কার্যক্রম (পরীক্ষামূলক ভাবে) অব্যাহত থাকবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে তিনি জেলা পুলিশ প্রশাসন, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ, জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, চালক ও সম্মানিত যাত্রীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর