উপাচার্য অপসারণের দাবিতে ফের কর্মসূচীতে ফিরছে আন্দোলনকারীরা

বৈরী আবহাওয়ার কারনে জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান উপাচার্য অপসারণ আন্দোলনে দুদিনের কর্মসূচী বিরতি শেষে আবারো মাঠে নামছে আন্দোলনকারীরা। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টা থেকে দিনব্যাপী কর্মসূচী পালন করবে শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ।

পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী আজ বেলা ১১টায় পুরাতন প্রশাসনিক ভবন থেকে পরিবহন চত্বর পর্যন্ত দুর্নীতির প্রতিবাদে ব্যাঙ্গাত্মক পটচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সংহতি সমাবেশ। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশে উপস্থিত থাকবেন সৈয়দ আবুল মকসুদ, আবুল কাশেম ফজলুল হাক, আনু মোহাম্মদ, ব্যারিস্টার শাহদিন মালিক, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া, গীতি আর নাসরিন, কামরুল হাসান মামুন, রাখাল রাহা, অরূপ রাহী, ওমর তারেক চৌধুরি, রেহনুমা আহমেদ, জোনায়েদ সাকি, আ ক ম জহিরুল ইসলাম, খালেকুজ্জামান, মুজাহিদুল ইসলাম সেলিম, নাসির উদ্দিন প্রিন্স, মেহেদি হাসান নোবেল, গোলাম মোস্তফা, শিমুল সালাউদ্দিন, জাহিদ আজিজ, শুভশরীষ ভৌমিক, আশীষ কুমার মজুমদারসহ প্রমুখ দেশবরণ্য ব্যক্তিবর্গ।

সন্ধ্যা ৬টায় ‘গানে গানে সংহতি’ নামক একটি প্রতিবাদী গানের অনুষ্ঠান কর্মসূচীতে গাইবেন মুইজ মাহফুজ, পল্লব বসু, সোয়াইব. ঋজু নূরু, আবৃত্তি শিল্পি শোভন ও কনোজ।

এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় একটি পথ নাটক অনুষ্ঠিত হবার কথা থাকলেও স্ক্রিপ্ট এবং নানাবিধ জটিলতার কারণে সেটি আজ হবেনা বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

ঘোষিত কর্মসূচীতে আগামীকাল বুধবার বেলা ১১টায় একটি একটি বিক্ষোভ মিছিলের কথাও উল্লেখ রয়েছে।

এর আগে গত শনিবার (০৯ নভেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে ঘূর্নিঝড় বুলবুলে দেশবাসীর প্রতি একাত্মতা ও সহমর্মীতা দেখিয়ে চলমান আন্দোলন কর্মসূচীতে দু’দিনের বিরতি ঘোষণা করে আন্দোলনের মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন। ফলে গত রবিবার (১০ নভেম্বর) ও সোমবার (১১ নভেম্বর) কোন ধরনের কর্মসূচি পালন করেনি আন্দোলনকারীরা।

অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে অন্তত দশজন ছাত্রের গ্রামের বাড়িতে পুলিশি হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবী পুলিশ তাদের পরিবারের সদস্যদের নানভাবে জেরা ও হয়রানি করেছে।

ছবি: বার্তা বাজার

হয়রানির শিকার হওয়ার দাবি করেছেন জাবি শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক, দপ্তর সম্পাদক হাসান জামিল, কার্যকরী সদস্য রাকিবুল হক রনি, ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শোভন রহমান, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাবেক সহ-সভাপতি মুশফিক উস সালেহিন, ছাত্রফ্রন্টের (মার্কক্সবাদী) সভাপতি মাহাথির মুহাম্মদ, সাধারণ সম্পাদক সুদীপ্ত দে, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক শাকিল উজ্জামান, মুখপাত্র আরমানুল ইসলাম খান এবং জাহাঙ্গীরনগর থিয়েটারের সহ-সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান শিশির।

হয়রানির শিকার আরিফুল ইসলাম অনিক বলেন, ‘আমার বাসায় পুলিশ গিয়েছিল। এতে আমার পরিবার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। এছাড়া আমাদের আরও কয়েকজনের বাসায় পুলিশ গেছে। রাষ্ট্র কোনো বিষয়ে তদন্ত করতে চাইলে তার একটা নিয়ম আছে। কিন্তু পুলিশ দিয়ে পরিবারকে এ ধরনের হয়রানি কেন? আমি এ ঘটনার নিন্দা জানাচ্ছি।’

পুলিশি হয়রানির বিষয়ে ভিসি-বিরোধী আন্দোলনের ব্যানার ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর সমন্বয়ক ও মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন বলেন,‘এভাবে আন্দোলনকারীদের বাসায় যাওয়া মোটেই ঠিক নয়। এতে তাদের পরিবার আতঙ্কের মধ্যে আছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইন্ধন থাকতে পারে। আন্দোলনকে দমানোর একটি অপকৌশল হিসেবেই এসব করা হচ্ছে।’

তবে এ ব্যাপারে কিছুই জানেনা দাবি করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন,‘তারা তো অনেক কিছুই দাবি করে থাকে। তবে আমরা এসবের কিছুই জানিনা। গোয়েন্দা সংস্থা এটা নিয়ে কাজ করছে। সুতরায় এব্যাপারে আমাদের কিছু করার নেই।’
এদিকে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ জাবির আন্দোলনকারীদের বাড়িতে পুলিশি হয়রানির ঘটনায় নিন্দা জানিয়েছে। রোববার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি মেহেদী হাসান নোবেল এবং সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, ‘সকল তথ্য-উপাত্ত পাঠানোর পরও ভিসি ফারজানা ইসলামকে রক্ষার জন্য একের পর এক অবৈধ কাজ করে যাচ্ছে সরকার। আন্দোলনকারীদের বাড়িতে বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে ও পরিবারের লোকজনদের সঙ্গে খারাপ আচরণ ও তাদের হেনস্তা করা হচ্ছে। এই দমন নীতি বন্ধ না করলে এই আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে।’

প্রসঙ্গত দুর্নীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে দীর্ঘ তিন মাস ধরে আন্দোলন করে আসছে শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর