স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত শহীদ নূর হোসেনকে ‘ইয়াবাখোর’ ও ‘মাদকাসক্ত’ বলায় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার নেতা অ্যাডভোকেট জেড আই খান পান্না আইনি নোটিশটি পাঠিয়েছেন।
ওই নোটিশে বলা হয়, সম্প্রতি জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গা ৯০ এর গণ-আন্দোলনের শহীদ নুর হোসেনের আত্মত্যাগকে কটাক্ষ করে মিথ্যাচারের আশ্রয় নিয়ে বিকৃত মন্তব্য করছেন যা জাতির জন্য অবমাননাকর।
তাই কটাক্ষকারী রাঙ্গা আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দেন ওই নোটিশে।
এর আগে, রোববার (১১ নভেম্বর) বিকেলে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক আলোচনা সভায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত নূর হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন জাপা মহাসচিব। ওই সময় এরশাদকে স্বৈরাচার বলার সমালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বৈরাচার বলে আখ্যায়িত করেন তিনি।
আলোচনায় রাঙ্গা আরও বলেন, নূর হোসেন ইয়াবাখোর, ফেনসিডিলখোর ছিলেন। এরপর থেকেই দেশব্যাপী সমালোচনার ঝড় বয়ে যায়।
এর জবাবে সোমবার শহীদ নূর হোসেনের মা মরিয়ম বিবি বলেছেন, ‘আমার ছেলে একটা সিগারেট পর্যন্ত ধরাতো না। আজ তারা ওকে মাদকাসক্ত বলছে। সেই দিন গণতন্ত্রের জন্য জীবন দিয়ে আমার নূর কী ভুল করেছিল?’
তিনি আরও বলেন, ‘সে (নূর) যদি নেশাখোর হতো, তাহলে দেশের জন্য জীবন দিত না। কারণ, কোনো নেশাখোর দেশের জন্য জীবন দেয় না। যে লোক আমার ছেলেকে এই কথা বলেছে, তার বিচারের ভার জনগণের কাছে ছেড়ে দিলাম।’
উল্লেখ্য ১৯৮৭ সালের ১০ নভেম্বর পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন।
বার্তাবাজার/কে.জে.পি