এবার এলো ‘মুন্না বদনাম হুয়া’

‘দাবাং’ ছবির ‘মুন্নী বদনাম হুয়ি’ গানটি বেশ সাড়া জাগিয়েছিল। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ছবির ওই গানটি মুখে মুখে ফেরে আজও। তবে ‘মুন্নীর বদনামের’ সঙ্গে এবার ‘বদনাম’ হতে দেখা গেল ‘মুন্নারও’। আর তা নেচে গেয়ে জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান নিজেই।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, বহুল আলোচিত ছবি ‘দাবাং থ্রি’র নতুন একটি গান প্রকাশ করেছেন সালমান। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে গানটির অডিও শেয়ার করেন তিনি। ‘কামাল খানের আওয়াজ, বাদশাহর র‍্যাপ আর চুলবুলের দাবাঙ্গাই, শুনুন’ ক্যাপশনের লেখেন সালমান।

চার মিনিটের এই গানটি গেয়েছেন মমতা শর্মা। সালমানের ভক্ত-অনুরাগীরা এরই মধ্যে গানটি লুফে নিয়েছেন। ব্যাপক জনপ্রিয়তা পাওয়া গান ‘মুন্নী বদনাম হুয়ি’-এর অনুসরণে নির্মিত হয়েছে গানটি। আশা করা হচ্ছে, ওই গানটির মতোই সবার মুখে মুখে থাকবে ‘মুন্না বদনাম হুয়া’। তবে গানটির ভিডিওর জন্য ভক্তদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

‘দাবাং থ্রি’ নির্মাণের ঘোষণা আসার পর থেকেই সিনেমাপ্রেমীরা অধীর আগ্রহে ছবিটি মুক্তির প্রহর গুনছেন। প্রভুদেবার পরিচালনায় ছবিটিতে সালমানের বিপরীতে যথারীতি অভিনয় করবেন সোনাক্ষি সিনহা। আরো রয়েছেন সোনু সুদ ও প্রমোদ খান্না। চলতি বছরের ২০ ডিসেম্বর বড়পর্দায় উঠবে ছবিটি। এরপরই রয়েছে ‘কিক টু’।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর