সিরাজগঞ্জে জমে উঠেছে মাস ব্যাপী তাঁত ও হস্তশিল্প প্রদশর্নী

জমে উঠেছে সিরাজগঞ্জে মাস ব্যাপী তাঁত ও হস্তশিল্পের প্রদশর্নী মেলা ২০১৯। বিনোদন বঞ্চিত সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার মানুষ এ মেলা উপভোগ করছে প্রতিদিন।

শহরের কেন্দ্রস্থল স্বাধীনতা স্কয়ার মুক্তির সোপানে শুক্রবার (৮ নভেম্বর) থেকে মাস ব্যাপী আয়োজিত এ মেলায় বিকেল হতে না হতেই দর্শনার্থীদের ভীড়ে গমগম করতে থাকে।

সন্ধ্যায় নানা রঙের বৈদ্যুতিক আলোয় ঝলমল করে ওঠে মেলা প্রাঙ্গন। শিশু থেকে শুরু করে নানা বয়সের দর্শনার্থীরা তাঁত বস্ত্র ও কুটির শিল্পের বিভিন্ন ষ্টল ঘুরে ঘুরে দেখছেন। সাধ্যমত কিনছেন নানা ধরনের সৌখিন বস্ত্র ও কুটির শিল্পের পণ্য।

মেলার প্রবেশ পথে নির্মান করা হয়েছে একটি বাহারি রংয়ের গেইট। দর্শনার্থীরা মেলায় প্রবেশের পথেই তুলছে পরিবার ও স্বজনদের ছবি।

মেলায় যেন কোন ধরনের অপ্রিতিকর কোন ঘটনা না ঘটে সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থ্য। সকালে মেলা শুরু থেকে রাতে মেলা শেষ না হওয়া পর্যন্ত সেখানে সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন একদল পুলিশ সদস্য।

পরিবার পরিজন নিয়ে মেলা দেখতে আসা দর্শক মোকাদ্দেস ইসলাম আপন বলেন, সিরাজগঞ্জে এ ধরনের বিনোদনের স্থান নেই। পরিবার পরিজন নিয়ে বের হওয়ার মত কোন পরিবেশও নেই। ছেলেমেয়ে নিয়ে বাড়ীতেই বসে থাকতে হচ্ছিল সেই জন্য শিশুদের মেধা বিকাশের জন্য এ মেলায় এসেছি।

বিনোদন প্রেমীরা বলেন, সিরাজগঞ্জে দীর্ঘদিন ধরে কোন প্রকার বিনোদনের ব্যবস্থা না থাকায় এই তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলা দর্শনার্থীদের আকর্ষণ করছে। শিশুরাও অনেক আনন্দ উপভোগ করছে মেলায় এসে।
মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে একদল স্বেচ্ছাসেবক প্রতিনিয়ত মেলার শৃংখলা রক্ষায় নিয়োজিত রয়েছে।

আয়োজক কমিটি বলছেন,সকালে তেমন কোন দর্শনার্থী না এলেও দুপুরের পর থেকে মেলায় দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মেলায় আসা দর্শনার্থীদের কোন রকম সমস্যা যেন না হয় সেদিকে দৃষ্টি রাখা হচ্ছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর