চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রী হতে ৭০ পিস (৮ কেজি ২০০ গ্রাম) স্বর্ণ জব্দ করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ।
সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টায় আবুধাবি থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা এক যাত্রীর কাছে ৭০ পিস স্বর্ণের বার পাওয়া যায়।
বিমানন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার মোহাম্মদ রিয়াদুল ইসলাম জানান, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মোহাম্মদ আখতারুজ্জামান খান (৩২) নামের এক যাত্রীর নিকট হতে উক্ত স্বর্ণের বার সমূহ উদ্ধার করা হয়। ফ্লাইট অবতরণের পর কাস্টমস চেকিংয়ে তার মতিগতি সন্দেহজন মনে হলে তার ব্যাগেজে তল্লাশি করা হয়। তল্লাশি করে দেখা যায় চার্জার লাইটের ব্যাটারি রাখার জায়গায় স্বর্ণের বারগুলো লুকানো ছিল। স্বর্ণের বার সহ মোহাম্মদ আখতারুজ্জামানকে কাস্টমস হাউস কর্মকর্তাগণ নিজ হেফাজতে আটক করেছেন এবং যাত্রী আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান কাস্টমসে ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপুর্বক যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মোহাম্মদ রিয়াদুল ইসলাম।
উল্লেখ্য, মাত্র তিন দিন আগে শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে শারজাহ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে আসা এয়ার এরাবিয়া জি ৯-৫২৮ ফ্লাইটের মোহাম্মদ আবু আল হাসান নামের এক যাত্রীর লাগেজ থেকে ‘ডানহিল’ ব্রান্ডের ১৩৬ কার্টন সিগারেট উদ্ধার করেন এনএসআই এর কর্মকর্তারা।
চট্টগ্রাম বিমানবন্দরে সিগারেটের বিশাল চালান সহ আটক ১
বার্তাবাজার/ডব্লিওএস