ঢাকার সাভারের আশুলিয়ায় চাঞ্চল্যকর স্বর্ণ ব্যবসায়ী উপর হামলা করে ডাকাতির ঘটনায় ঢাকা জেলা ডিবি (উত্তর) গতকাল রবিবার (১০ নভেম্বর) অভিযান চালিয়ে ৭ ডাকাতকে গ্রেপ্তার করে। পরে সোমবার (১১ নভেম্বর) গ্রেপ্তারকৃত ৭ ডাকাতকে আদালতে প্রেরণ করা হলে তারা বিজ্ঞ বিচারকের সামনে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
আটক ৭ ডাকাত হলো- পলাশ, শামিম, জাকির, মামুন, জাহাদ আলী, নাসির ও জামান। এরা সকলেই আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় বসবাস করে এবং সেখানেই তাদের আড্ডাস্থল।
এব্যাপারে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর উপ-পরিদর্শক কাওসার সুলতান জানান, ঢাকা জেলা ডিবি (উত্তর) এর সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার স্যারের নেতৃত্বে গত ১০ নভেম্বর বিকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত আশুলিয়ার ডেন্ডাবর, গাজীরচট ও মোজারমিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মোট ৭ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। বাকীদের আদালতে প্রেরণ করা হলে তারা সেখানে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।
এব্যাপারে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, ডাকাতির মামলা ডিবি তদন্ত করে এবং এই অভিযানে আমি নিজেই নেতৃত্ব দিয়ে উপ-পরিদর্শক কাওসার, ইলিয়াস ও সঙ্গীয় ফোর্স সমন্বয়ে একটি অভিযানিক দল গতকাল রবিবার দিন ও রাতে অভিযান চালিয়ে ডাকাত দলের ৭ জন সদস্যকে গ্রেপ্তার করি। তবে এদের মূল সংগঠক ও নেতা কে আটক করা যায় নাই। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তাকে আটক করতে পারলেই লুন্ঠিত মালামাল উদ্ধার করা সম্ভব হবে।
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর রাত আনুমানিক ১০ টার দিকে আশুলিয়ার বাইপাইল নামাবাজার এলাকায় বাদল চন্দ্র সরকারের উপর হামলা এবং তার স্বর্ণের দোকানে ডাকাতি হয়। পরেরদিন গত ৪ নভেম্বর ভুক্তভোগী বাদল চন্দ্র সরকার আশুলিয়া থানায় ঘটনা জানিয়ে মামলা করেন (মামলা নং ১৭, তারিখ ৪ নভেম্বর, ২০১৯)।
বার্তাবাজার/ডব্লিওএস