রাবিতে দুর্নীতি বিরোধী শিক্ষকদের আন্দোলন অব্যাহত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের দুর্নীতি ও নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগ এনে প্রশাসনের অপসারণের দাবিতে ১০ম দিনের মত মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের জোট মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের একাংশ । ‘দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজ’ এর ব্যানারে সোমবার বেলা সোয়া ১১টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, নিয়োগ বাণিজ্যর ফোনালাপ প্রকাশ পেল, অথচ কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি বর্তমান প্রশাসন। এমনকি তদন্ত কমিটি গঠন করাও প্রয়োজন মনে করেন নি। এতেই প্রতীয়মান হয় যে, ঐ টাকায় বর্তমান ভিসি অংশীদার রয়েছেন।

তারা আরও বলেন, প্রধানমন্ত্রীর ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি প্রনয়ণ করে সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু করেছেন। সেখানে অনেক রাঘব বোয়ালরা আইনের আওতায় এসেছে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন দলীয় নেমপ্লেট ব্যবহার করে ক্ষমতার দাপট দেখিয়ে বেপরোয়া অনিয়ম ও দুর্নীতি চালিয়ে যাচ্ছে। সেগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

এ সময় দুর্নীতি বিরোধী শিক্ষকদের কোন অভিযোগ অসত্য হলে বর্তমান প্রশাসনকে জনসম্মুখে সত্যতা প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দেন দুর্নীতি বিরোধী শিক্ষক সমাজ।

ভূতত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের সভাপতি সুলতান-উল-ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক এস এম এক্রাম উল্যাহ, কেন্দ্রীয় গ্রন্থাগারের সাবেক প্রশাসক ও বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী, সাবেক প্রক্টর ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মজিবুল হক আজাদ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আলী রেজা খান প্রমুখ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর