শেরপুর জেলা শহরের নৌহাটা এলাকায় ১০ নভেম্বর রোববার রাত সাড়ে ১১টার দিকে একটি অজ্ঞাতনামা দ্রুতগামী ট্রাকের চাপায় মোঃ আজিজুল হক (৭০) নামে এক রিক্সাচালক নিহত হয়েছেন। নিহত আজিজুল হক শ্রীবরদী উপজেলার চৈতাজানী গ্রামের জনৈক মকবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার চৈতাজানী গ্রামের রিক্সাচালক আজিজুল হক রোববার সকালে প্রতিদিনের মত তার রিক্সা নিয়ে শেরপুর জেলা শহরে রিক্সা চালাতে আসে।
পরে সারাদিন রিক্সা চালিয়ে উপার্জন শেষে শহর থেকে আজিজুল হক রাতে বাড়ী ফিরছিল। এসময় রিক্সা নিয়ে নৌহাটা এলাকায় পৌঁছামাত্র একটি অজ্ঞাতনামা ট্রাক আজিজুল হককে চাপা দিয়ে দ্রুত ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে আজিজুল হক ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে নিহত রিক্সাচালক আজিজুল হকের লাশ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত রিক্সাচালক আজিজুল হকের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এব্যাপারে শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এমকে