‘কদমতলী মহল্লা কমিটি’ কর্তৃক পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ব্যাপক আয়োজন

ব্যাপক আয়োজন ও আন্তরিকতার মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘কদমতলী মহল্লা কমিটি’ কর্তৃক আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) ২০১৯ ইংরেজি।

সোমবার (১১ নভেম্বর) ভোর ৬টা হতে তবরুক বিতরনের মাধ্যমে ঈদে মিলাদুন্নবীর (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) সফল আয়োজন করলো চট্টগ্রামের বানিজ্যিক এলাকা কদমতলীর বৃহৎ সামাজিক সংগঠন ‘কদমতলী মহল্লা কমিটি’।

তবরুক বন্টন ও বিতরণ। ছবি- বার্তা বাজার

শনিবার(০৯ নভেম্বর) রাতে কদমতলীর মোড়ে নির্মিত অস্থায়ী মঞ্চে পবিত্র কোরআন তেলোয়াত সহ ইসলামিক আলোচনা ও মিলাদ মাহফিলের মাধ্যমে শুরু হয় ‘কদমতলী মহল্লা কমিটি কর্তৃক’ পবিত্র ঈদে মিলাদুন্নবী ২০১৯ ইং’র আনুষ্ঠানিক উদ্বোধন।

শনিবার অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও মুসল্লীদের একাংশ। ছবি- বার্তা বাজার

প্রতি বছরের মত এবারও ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন উপলক্ষে কদমতলী এলাকার ঢাকা ট্রাঙ্ক রোডের পাশে জান সুপার মার্কেটের সম্মুখে বিশাল জায়গা জুড়ে প্যান্ডেল বেঁধে নির্মিত অস্থায়ী কেন্দ্রে শুরু হয় মিলাদুন্নবী উদযাপনের যাবতীয় কাজ। শনিবার মিলাদ মাহফিল আয়োজনের পর গতকাল রোববার রাত ৮টার পর আজ সোমবার (১১ নভেম্বর) জনসাধারণের মাঝে তবরুক হিসেবে রান্না করা মাংস ও ভাত বিতরণের উদ্দেশ্যে জবাই করা হয় বৃহদাকারের ৭টি গরু। যেখানে চট্টগ্রামের খ্যাতিমান বাবুর্চি ইউনুসের তত্বাবধানে খুব দ্রুত গতিতে চলতে থাকে মাংস কাটাকুটি ও রান্না বান্নার কাজ।

রোববার রাতভর কর্মীদের ব্যস্ত চঞ্চলতা। ছবি- বার্তা বাজার

চট্টগ্রাম জেলা ক্রীড়া পরিষদের সম্মানিত পরিচালক ও কদমতলী মহল্লা কমিটির মুখ্য সর্দ্দার জনাব আলহাজ্ব মঞ্জুর আলম মঞ্জুর নেতৃত্বে পরিচালিত হয় মিলাদুন্নবী উদযাপনের দায় দায়িত্ব। মিলাদুন্নবী উদযাপনের সমন্বয়কারী আলহাজ্ব বদরুল হুদা মুরাদ, উদযাপন কমিটির আহবায়ক আলহাজ্ব একরামুল করিম ও সচিব হাজ্বী সালাউদ্দিনের সার্বিক তত্বাবধানের পাশাপাশি অন্যান্যদের মধ্যে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেন কদমতলী মহল্লা কমিটির উপ সর্দ্দার (প্রশাসন) আলহাজ্ব আব্দুল শুক্কুর সওদাগর, উপ সর্দ্দার (বিচার বিভাগ) নুরুল ইসলাম নুরু, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ হাজ্বী লিয়াকত আলী, সর্দ্দার- লোকমান খান, জহির আহমদ, মোহাম্মদ মহসিন, মোহাম্মদ আহমাদু, মোহাম্মদ আলম, সেকান্দার আলী, ইসমাইল হোসেন, মোবারক আলী, ইউনুছ কেরু সহ প্রমুখ সর্দ্দার ও সামাজিক নেতৃবৃন্দ।

এছাড়া মিলাদুন্নবী উদযাপন কমিটির আহবায়ক হিসেবে সার্বক্ষনিক দায়িত্বে ছিলেন শেখ আহম্মদ ও মিলাদুন্নবী উদযাপন কমিটির যুগ্ম সচিব হাজী মাহবুব আলম রাজীব।

উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে উদযাপিত অনুষ্ঠানে শরীকদের মাঝে তবরুক বিতরণের পাশাপাশি কদমতলী মহল্লা কমিটির পক্ষ থেকে প্রায় ১২শত গরীব মিসকিনদের বিনামূল্যে খাবারের আয়োজন সহ এলাকার ১৬৪টি গরীব পরিবারে বিনামূল্যে ভাত ও রান্না করা মাংস বিতরণ করা হয়।

চট্টগ্রামে জেলা ক্রীড়া পরিষদের পরিচালক ও কদমতলী মহল্লা কমিটির মুখ্য সর্দ্দার জনাব আলহাজ্ব মঞ্জুর আলম মঞ্জু বার্তাবাজারকে বলেন, ‘আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) হলেন ইতিহাসের শ্রেষ্ঠ মানব। তিনি ইসলাম তথা শান্তি ও মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন অনেক কষ্ট ও পরিশ্রম করেছেন। সবসময় গরীব অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। মানুষের নবীজীর অকৃত্রিম ভালোবাসা ও আদর্শের প্রতি সম্মান জানাতে আমরা এলাকাবাসী প্রতি বছর এভাবে নবীজীর পবিত্র জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন করি। নবীজীর মহৎ কৃতকর্মের তুলনায় আমাদের এসমস্ত আয়োজন অতি ক্ষুদ্র ও সামান্য। তবুও একজন মুসলিম হিসেবে চেষ্টা করি মানুষ ও মানবতার সেবায় সর্বদা সক্রিয় থাকার।’

মিলাদুন্নবী উদযাপন কমিটির সমন্বয়কারী আলহাজ্ব বদরুল হুদা মুরাদ পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন সম্পর্কে বার্তাবাজারকে বলেন, নবী মুহাম্মাদ বিশ্ব মানবতার অনন্য প্রতীক। মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর কোন তুলনা নেই। আর নবী মুহাম্মাদের (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) উম্মত হিসেবে আমরা খুব সৌভাগ্যবান। সুতরাং মানবতার লক্ষ্যে কাজ করার শিক্ষা আমরা আমাদের নবী হতেই পেয়েছি। আর একজন সমাজপতি হিসেবে নবীজীর আদর্শকে অনুসরণ করা ও মানুষের সেবা করা আমাদের ঈমানী দায়িত্ব। আগে আমাদের এলাকার পুর্বজনরা মিলাদুন্নবী সহ নানানভাবে সামাজিক দায় দায়িত্ব পালন করতেন। আর এখন আমরা করছি। আশা করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো উত্তম ও উন্নত প্রক্রিয়ায় প্রিয় নবীর সুন্নত ও আদর্শকে মেনে চলবে এবং মানবতার সেবায় সক্রিয় থাকবে।’

বলা বাহুল্য যে, কদমতলী মহল্লা কমিটির মত চট্টগ্রামের অন্যান্য এলাকা সমূহেও প্রতি বছর জাঁকজমকপূর্ণ আয়োজনে বিশ্ব নবীর পৃথিবীতে আগমন দিবস উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) পালন করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর