চলমান আন্দোলনের মুখে পদত্যাগ করলেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস। রোববার নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা। তাদের দাবি, ২০ অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক কারচুপির যথেষ্ট প্রমাণ তাদের হাতে আছে।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তথ্য প্রমাণ পাওয়ার দাবির সঙ্গে একমত পোষণ করে বলিভিয়ার নির্বাচনী সংস্থা সংস্কারের ঘোষণা দিয়েছিলেন মোরালেস। কিন্তু দেশটির রাজনীতিবিদ থেকে শুরু করে সেনাবাহিনী ও পুলিশ প্রধানরা মোরালেসকে পদত্যাগের আহবান জানান। এরপর টেলিভিশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মোরালেস। তার সঙ্গে দেশটির ভাইস-প্রেসিডেন্ট আলভারো গার্সিয়াও পদত্যাগ করেছেন।
প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগে কয়েক সপ্তাহ ধরেই বলিভিয়াতে সরকারবিরোধী আন্দোলন চলছে। এই সময়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন ব্যক্তি নিহত হন। কিন্তু ক্রমেই আন্দোলনের মোড় ঘুরে যায়। এমনকি আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন অনেক উর্দি পরা পুলিশ সদস্যও।
আন্দোলনের মুখে ক্রমেই চাপের মুখে পড়ে যাওয়া মোরালেসকে ছেড়ে চলে যেতে থাকে তার রাজনৈতিক সঙ্গীরা। অনেকে তাদের পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন। এমন পরিস্থিতিতে মোরালেসকে উদ্দেশ্য করে বলিভিয়ার সেনা প্রধান জেনারেল উইলিয়াম কালিমান পদত্যাগের আহবান জানান।
শুধু মোরালসকে পদত্যাগের আহবান জানিয়েই স্থির থাকেনি, বরং আন্দোলনকারীদের ওপর কোনো রকম আগ্রাসী আচরণ প্রতিহত করার ঘোষণাও দেয় দেশটির সেনাবাহিনী।
এরপর পদত্যাগের ঘোষণা দেয়ার সময় মোরালেস বলেন, আমার ভাই এবং বোনদের ওপর হামলা না করার জন্য আহবান জানাচ্ছি। জ্বালাও-পোড়াও এবং আক্রমণ বন্ধ করুন।
বার্তাবাজার/এমকে