ঢাকার গুলিস্তানের অলিম্পিক ভবন সংলগ্ন মোড় থেকে বস্তাবন্দি সানি (৫) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
গুলিস্তান আহাদ পুলিশ বক্সের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোঃ আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে অলিম্পিক ভবনের সামনের মোড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। প্লাস্টিকের বস্তায় ভর্তি ছিল মৃতদেহটি। আর একটি তোশক দিয়ে ঢাকা ছিল ওই বস্তা।
তার মাথার ডান পাশে কানের কাছে কিছুটা থেতলানো আঘাত রয়েছে। তিনি জানান, শনিবার (৯ নভেম্বর) রাত ১০টা থেকে তাকে খুঁজে পাচ্ছিল না পরিবার।
রোববার ওইখানে মৃতদেহটি পেয়ে আমাদের খবর দেন। তার বাবার নাম সাগর শেখ। মা ঝর্ণা বেগম। গুলিস্তানের ওই এলাকায় ভবঘুরে জীবনযাপন করেন তারা।
তিনি আরও জানান, শিশুটির গলায় শ্বাস রোধের চিহ্ন রয়েছে।ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করার জন্য বস্তায় ভরে রেখেছিল দুর্বৃত্তরা। মৃতদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/কেএ