ঠাকুরগাঁও জেলা আ’লীগের সম্মেলন ২৮ নভেম্বর

সারাদেশে চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাউন্সিল। ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা এবং উপজেলার পর জেলাগুলোতেও অনুষ্ঠিত হবে দলটির সম্মেলন। টানা তৃতীয়বার ক্ষমতায় আসা এই দলটি এবার কোমড় বেধে নেমেছে দলকে ঢেলে সাজাতে। আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত ঠাকুরগাঁও জেলায় আওয়ামী লীগের জেলা সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষণা করা হয়েছে উপজেলা ও পৌরসভার তারিখও। যদিও ইতিমধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রাণীশংকৈল পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ আলহাজ্ব মো. দবিরুল ইসলাম জানান, আগামী ২৮ নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন ধার্য করা হয়েছে। গতকাল শনিবার এ উপলক্ষ্যে বর্ধিত সভাও করেছে জেলা আওয়ামী লীগ। সভায় জেলার পাশাপাশি উপজেলা ও পৌরসভাগুলোতেও সম্মেলনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের নিদের্শনা প্রদান করা হয়েছে।

দলীয় সুত্রে আরও জানা গেছে, জেলার ঠাকুরগাঁও পৌরসভায় ২০ নভেম্বর, হরিপুর উপজেলায় ২৩ নভেম্বর, বালিয়াডাঙ্গী উপজেলায় ২৫ নভেম্বর এবং রাণীশংকৈল উপজেলায় ২৬ নভেম্বর সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য প্রার্থীরা এরই মধ্যে সম্মেলনকে ঘিরে দৌড়ঝাপ শুরু করেছেন ভোটারদের দ্বারে দ্বারে। দুর্দিনে পাশে থাকার আশ্বাসে চাইছেন শীর্ষপদের জন্য সমর্থন।

বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায় জানান, উৎসব মুখর পরিবেশে বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী ভোটের মাধ্যমে ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কাউন্সিলকে ঘিরে নতুন নেতৃত্বে সুযোগ পাওয়ার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে মূল দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে।

এদিকে রাণীশংকৈল পৌর আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে জাহাঙ্গীর আলম পুনরায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রফিউল ইসলাম। গতকাল শনিবার রাণীশংকৈল পাবলিক লাইব্রেরী মাঠে এ সম্মেলনে ৯টি ওয়ার্ড ও পৌর আ.লীগের কাউন্সিলরা এতে ভোটাধিকার প্রয়োগ করে নেতৃত্ব নির্বাচনে।

২০১৪ সালের ১৬ অক্টোবর ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলদের ভোটে ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ আলহাজ্ব মো: দবিরুল ইসলাম জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সাদেক কুরাইশি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর