ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে “পাবলিক স্পিকিং” এর ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় ইউল্যাব এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহশিক্ষা কার্যক্রম পাবলিক রিলেশন ফর ইউ (পি আর ফর ইউ) এর তত্ত্বাবধায়নে বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ক্যাম্পাসে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষিকা এবং পিআরফরইউ’র উপদেষ্টা নাসিফা সুলতান। এছাড়া, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিআরফরইউ’ র প্রধান নির্বাহী নাজাবাত হোসেন প্রিয়ন্ত, মিডিয়া রিলেশনস অ্যান্ড হোস্টিং বিভাগ এর জারা জারিন ও সাবিহা অর্চি প্রমুখ।
শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে জানিয়ে প্রধান নির্বাহী নাজাবাত হোসেন প্রিয়ন্ত বলেন, “অনেক শিক্ষার্থীই আমাদের কাছে তাদের যোগাযোগ দক্ষতায় ঘাটতির কথা জানিয়ে দুঃখ প্রকাশ করেন। যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, উপস্থাপনায় মঞ্চভীতি দূর করা, উপস্থিত বক্তৃতার কৌশল ও জড়তা কাটিয়ে ওঠাসহ সম্ভাব্য সকল মৌলিক দিকগুলো সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করার উদ্দেশ্যেই আমরা এই কর্মশালার আয়োজন করি।”
এ কর্মশালাকে ঘিরে তাদের প্রত্যাশা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, “আমরা খুবই উপভোগ্য এবং ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থাপনা, উপস্থিত বক্তৃতা, শরীরি ভাষা এসব বিষয় সম্পর্কে বোঝাতে চেষ্টা করেছি। এরপর, দৈবভাবে বিষয় নির্ধারণ করে তাদেরকে নিজেদের মত করে তাৎক্ষণিক বক্তৃতা দিতে বলা হয়েছে। দেখা গেলো, তারা খুবই তাৎপর্যপূর্ণভাবে অতিদ্রুত জিনিসগুলো রপ্ত করতে পেরেছে এবং তাদের উন্নতিও চোখে পড়ার মত। এভাবেই ব্যবহারিক চর্চার মাধ্যমে তাদের ভয়-জড়তা দূরীভূত করা এবং তাদের দক্ষতার বিকাশ ঘটানোই আমাদের প্রধান লক্ষ্য।”
বরাবরের মত ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন শিক্ষামূলক কর্মশালা ও অনুষ্ঠান আয়োজনের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বার্তাবাজার/ডব্লিওএস