মনিরামপুরে ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাবে ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি

যশোর মণিরামপুরে বিস্তৃত মাঠ জুড়ে রয়েছে বাংলার কৃষকের সোনালী ফসল পাকা ধান।আর কয়েকদিন গেলেই এই আমন ধানে গোলা ভরবেন কৃষকরা।ফুঁটবে তাদের মুখে হাঁসি।কত আশাইনা ছিল কৃষকদের।কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে এক নিমিষেই সেই স্বপ্ন ভেঙে-চুরে তছনছ করে দিয়েছেন এই ঝড়।

জমির ধান শুয়ে পানির নিচে যাওয়ায় তাদের মুখে এখন হতাশার ছায়া।ধান নষ্ট হবার আশঙ্কায় সোনালী স্বপ্ন এখন ফিকে হতে চলেছে তাদের।বুলবুলের প্রভাবে সৃষ্ট হাওয়া ও দীর্ঘ বৃষ্টিতে মনিরামপুর উপজেলার প্রায় সব মাঠেই আমন ধান শুয়ে পানিতে তলিয়েছে।ক্ষতির শিকার হয়েছেন তরকারি চাষিরা।ক্ষতি হয়েছে মুসুর ও সরিষার।রোববার (১০ই নভেম্বর) সকাল থেকে উপজেলার শাহপুর,চালুয়াহাটি,মোবারকপুর, হানুয়ার, খালিয়া, দোঁদাড়িয়া, হরিহরনগর, রোহিতা, ঝাঁপা,স্বরণপুর, পট্টি, কোদলাপাড়াসহ বিভিন্ন এলাকাঘুরে এসব চিত্র চোখে পড়েছে।

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে শুক্রবার দুপুর থেকে রোববার সকাল পর্যন্ত মণিরামপুরে থেমে থেমে বৃষ্টি হয়েছে।আর শনিবার রাতভর বয়েছে দমকা হাওয়া।এখনও মণিরামপুরের আকাশজুড়ে রয়েছে ঘন মেঘ।

মণিরামপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার মণিরামপুরে ২২ হাজার ৩০০ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে।বাম্পার ফলনও হয়েছে সব মাঠে।কিন্তু দুই দিনের বৃষ্টিতে মনিরামপুর উপজেলার সব এলাকায় চাষকৃত ধানের শতকরা ১০ ভাগ মাটিতে শুয়ে পড়েছে।কোন কোন এলাকায় ধান শুয়ে পানির নিচে চলে গেছে।

৫০০ হেক্টরের অধিক জমির মুসুর ও সরিষা চাষে ক্ষতি হয়েছে।এছাড়া চালুয়াহাটি ইউনিয়নে পাঁচ থেকে সাত হেক্টর জমির কলা বাগান ভেঙেছে।একইসাথে জড়ো হাওয়ায় হরিহরনগরে তিন থেকে চার হেক্টর জমির পেঁপে বাগান ভেঙে নষ্ট হয়েছে।স্বরণপুর গ্রামের প্রান্তিক কৃষক আব্দুল গফ্ফার বলেন,দুই বিঘা জমি বর্গা নিয়ে ধান চাষ করেছি।এখন সব শুয়ে পানির নিচে চলে গেছে।কি করে সারের দাম শোধ করব,খাব কি!

মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা হিরক কুমরার সরকার বলেন,বুলবুলের প্রভাবে দুই দিনের বৃষ্টিতে আমনধানসহ কলা,পেঁপে, মুসুর ও সরিষা চাষের কিছুটা ক্ষতি হয়েছে।প্রায় ১০ ভাগ ধান মাটিতে শুয়ে গেছে। যদি আর বৃষ্টি না হয় তাহলে পড়ে যাওয়া ধানের কোন ক্ষতি হবে না।মনিরামপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সরেজমিন কৃষকদের খোঁজখবর নিচ্ছেন বলে জানান এই কর্মকর্তা।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর