মাদারীপুরে ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে ঘরের টিনের চালা পড়ে সালেহা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (১০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার উত্তর ঘটমাঝিতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন সালেহার স্বামী আব্দুল আজিজ খাঁ।
মাদারীপুর জেলা প্রশাসন সূত্র জানায়, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে রোববার সকাল থেকেই দমকা বাতাসের সঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হয়। দুপুরে উত্তর ঘটমাঝি গ্রামের স্বামী আব্দুল আজিজ খাঁ ও তার স্ত্রী সালেহা বেগম বাড়ির ভেতরে বসে ভাত খাচ্ছিলেন।
এ সময় ঘরের টিনের চালা আলমারির উপরে পড়ে। পরবর্তীতে আলমারী সরে গিয়ে তাদের উপরে পড়লে দুইজনই গুরুতর আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে ওই গৃহবধূকে চিকিৎসক মৃত ঘোষণা করে।
খবর পেয়ে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যান। পরে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক।
এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে জেলার বিভিন্ন স্থানে বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। উপরে পড়ছে অনেক গাছপালা।
মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর তাণ্ডবে জেলার বিভিন্ন স্থানে অর্ধশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সকলকে সহযোগিতা দিতে প্রশাসন কাজ করে যাচ্ছে।
বার্তাবাজার/কেএ