শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমূল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ রানার উপর হামলা করেছে ১নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য বিল্লাল হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় চেয়ারম্যান মাসুদ রানা আহত হয়েছে। এসময় চেয়ারম্যানের ব্যবহৃত মোটর সাইকেল ও এলজিএসপি বিলের নগদ ১লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই হয়।
গত ৮ নভেম্বর শুক্রবার রাত ১১টায় শ্রীবরদী-ভায়াডাঙ্গা সড়কের দরিপাড়া ব্রীজের উপর এ ঘটনা ঘটে। ৯ নভেম্বর শনিবার রাতে চেয়ারম্যান মাসুদ রানা ইউপি সদস্য মো. বিল্লাল হোসেনকে প্রধান আসামী করে ৫/৬ জনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার ২নং রাণীশিমূল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ রানা শ্রীবরদী থেকে শুক্রবার রাত ১১টায় মোটর সাইকেল যোগে ভায়াডাঙ্গায় নিজ বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে দরিপাড়া ব্রীজের উপর পৌঁছামাত্র একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য বিল্লাল হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী মাসুদ রানা পথরোধ করে ঘিরে ফেলে। পরে চেয়ারম্যানে মাসুদ রানাকে মোটর সাইকেল থেকে নামিয়ে কিল ঘুষি মেরে আহত করে। চেয়ারম্যানের সহযোগী আবু বক্কর সিদ্দিক ওরফে মিষ্টার চেয়ারম্যানকে রক্ষায় এগিয়ে আসলে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে চেয়ারম্যানের মোটর সাইকেল নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
খবর পেয়ে শ্রীবরদী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রাতেই ইউপি সদস্য বিল্লাল হোসেনের বাড়ি থেকে ছিনতাই হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে চেয়ারম্যান মাসুদ রানার উপর সন্ত্রাসী হামলায় রাণীশিমূল ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রতিবাদ জানিয়েছেন ইউপি সদস্য রিপন, মাহবুব, আ. রহিম, জহুরুল হক, স্বপন ও মহিলা সদস্য মর্জিনা বেগম, পারভীন বেগম প্রমুখ।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, চেয়ারম্যান মাসুদ রানা কর্তৃক মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।
বার্তাবাজার/ডব্লিওএস