বিপিএলে মাতাতে আসছেন ভারতীয় ক্রিকেটাররা!

দেশের বাইরে অন্য কোনো দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পান না ভারতের ক্রিকেটাররা। তবে বেশ কয়েকবার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগ গুলোতে খেলে গেছেন ইউসুফ পাঠানের মতো ভারতীয় ক্রিকেটার। এবার বিপিএলেও তাদের নিয়ে আসতে চান বিসিবি বস নাজমুল হাসান পাপন।

দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যাপারে এতোটাই কঠোর ভারতীয় ক্রিকেট বোর্ড যে, সবশেষ ক্যারিবীয়ান সুপার লিগের এক ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের ড্রেসিংরুমে থাকার অপরাধে কারণ দর্শানোর নোটিশ দেখেছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক।

এ থেকেই বোঝা যায় অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলাটা ঠিক কতোটা কঠিন ভারতের খেলোয়াড়দের জন্য। তবে এবার এই অসাধ্য সাধনের মিশনেই যেনো নেমেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভারতীয় ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করতে।

শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নবনিযুক্ত সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে অনানুষ্ঠানিক এক বৈঠকে বসেছিলেন নাজমুল হাসান পাপন। যেখানে তিনি কথা বলেছেন দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের উন্নতিসহ নানান বিষয়ে।

এ ব্যাপারে পাপন বলেন, ‘ওরাতো তাদের ক্রিকেটারদের বাইরে খেলতে দেয়না, তাই বিপিএলে কিছু খেলোয়াড় আনা যায় কিনা এ ব্যাপারে আলোচনা হবে। যদি আনা যায় খুব ভালো হবে আমাদের জন্য। বঙ্গবন্ধু বিপিএলে কোন কোন খেলোয়াড় আনা যায় সেটাও গুরুত্বপূর্ণ আমাদের জন্য।’

বঙ্গবন্ধু বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে পাপন বলেন, ‘একটা টুর্নামেন্ট চলায় পাকিস্তানি ক্রিকেটাদের পাওয়া যাবেনা তাই ভারত, শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। আফগানিস্তান থেকে কয়েকজন স্পিনার নিবো কিন্তু দল সাজাতে ভারতীয়দের লাগবে।’

সব বাধা পেরিয়ে শেষপর্যন্ত ভারতীয় ক্রিকেটাররা বিপিএল খেলার অনুমতি পেলেও, শীর্ষ পর্যায়ের খেলোয়াড়রা যে আসবেন না তা একপ্রকার নিশ্চিত। হয়তো বা ঘরোয়া ক্রিকেট মাতানো বি ক্যাটাগরির খেলোয়াড়দের পাঠাতে পারে ভারত। যাদের দেখা যেতে পারে বিপিএলের আগামী মৌসুমে।

কেননা চলতি মৌসুমের বিপিএল প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর। সে জন্য করা বিদেশি খেলোয়াড়দের তালিকায় নেই কোনো ভারতীয়র নাম। যার ফলে হুট করেই সাত দিনের মধ্যে ভারতীয় খেলোয়াড়দের বিপিএল খেলার অনুমতি পাওয়া ও ড্রাফটে নাম ওঠানো বেশ ঝক্কি ঝামেলারই হবে।

তাই সব ঠিকঠাক হলে আগামী মৌসুমের বিপিএল থেকে প্রথমবারের মতো দেখা মিলতে পারে ভারতীয় ক্রিকেটারদের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর