ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বর্তমানে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবস্থান করছে। এটি তার অবস্থান থেকে ক্রমে ক্রমে উত্তরপূর্ব দিকে এগিয়ে যাচ্ছে।
ঘূর্ণিঝড় বুলবুলের সবশেষ অবস্থান সম্পর্কে জানাতে সকাল সাড়ে ৮টার দিকে আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান এ সব তথ্য জানান।
তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় বুলবুল উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে মাদারীপুর, ফরিদপুর, ঢাকা ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে অতিক্রম করবে। এরপর এটি ভারতে প্রবেশ করবে। ভারতে যেতে যেতে এটি দুর্বল হয়ে যাবে।
রোববার ভোর চারটার দিকে বাংলাদেশে প্রবেশ করে ঘূর্ণিঝড় বুলবুল। সুন্দরবনের দক্ষিণ-পশ্চিম অংশ হয়ে ঝড়টি এখন ক্রমশ উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। সকাল ৭টার আগে ঝড়টি স্থলভাবে অবস্থান নেয়। এদিকে বুলবুলের প্রভাবে উপকূলীয় এলাকায় ৫ থেকে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে।
ঘূর্ণিঝড়ের জন্য মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।
চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।
বার্তাবাজার/এমকে