বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় সরকার যথেষ্ট ব্যবস্থা নেয়নি। জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে শনিবার দুপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
মওদুদ আহমদ বলেছেন, এই যে ঘূর্ণিঝড় হচ্ছে, ১০ নম্বর বিপদ সংকেত দিয়েছে। আজকে যদি এ ঘূর্ণিঝড় আঘাত হানে তাহলে আমাদের অনেক ক্ষতি হবে। লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। অতীতে দেখেছি সরকারের অবহেলার কারণে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত হন উপকূলের মানুষ। আজকে যারা সমুদ্রে মাছ ধরতে যাবেন তাদের জীবনে কী ঘটবে, তা আমরা বলতে পারব না। আসুন, সবাই দোয়া করি যাতে এ ঘূর্ণিঝড়টা দুর্বল হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। উপকূলে যাতে আঘাত না হানে।
জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত সভায় সংগঠনের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব সভাপতিত্ব করেন। সদস্য সচিব আবদুর রহিমের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, কেন্দ্রীয় নেতা ফরিদা ইয়াসমীন, জাতীয়তাবাদী উলামা দলের শাহ নেছারুল হক, মৎস্যজীবী দলের নেতারা।
বার্তাবাজার/ডব্লিওএস