শিল্পাঞ্চল ঢাকার আশুলিয়ায় রিপন নামের যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় সাবেক যুবলীগ নেতা উজ্জল ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক উজ্জল ভূঁইয়া আশুলিয়ার জামগড়া এলাকার এবং তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউপি যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাস সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যার দিকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে উজ্জল ভূঁইয়াকে আটক করা হয়েছে।
এর আগে, গতকাল শুক্রবার রাতে রিপনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে হামলায় আহত যুবলীগ কর্মীর স্ত্রী চায়না বেগম (২৬) বাদী হয়ে রুবেল ভূঁইয়া ও উজ্জল ভূঁইয়া, ময়না মোল্লা, নাজমুল হক ইমু, সম্রাট, সুমন মীরসহ অজ্ঞাত আরও ৭/ ৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে।
সংকটের সৃষ্ঠি হয় মূলতঃ আশুলিয়া থানা যুবলীগের ব্যানার ব্যবহার করে বিভিন্ন অপপ্রচার ও বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন ঝুঁলিয়ে যুবলীগের বিরুদ্ধে মানহানী মূলক কর্মকান্ড চালানো থেকে। বিষয়টি উল্লেখ করে ইতোমধ্যে যুবলীগের পক্ষ থেকে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরিও করা হয়।
পরবর্তীতে থানা যুবলীগের আহবায়ক কমিটি অপপ্রচারকৃত ব্যানার ফেস্টুন খুলে ফেলার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী গতকাল শুক্রবার ভোরে ইয়ারপুর ও জামগড়া এলাকায় রিপন, ফারুক, শিপু, নয়ন ও বাবু একটি পিকআপ ভ্যানে করে ফেস্টুনগুলো খুলতে থাকে। পরে, তারা জামগড়া ছয়তলা এলাকার ক্রিয়েশন গার্মেন্টসের সামনে পৌঁছলে, এজাহারে উল্লেখিত রুবেল ভূইয়া ও উজ্জল ভূইয়ার নেতৃত্বে ময়না মোল্লা, নাজমুল হক ইমু, সম্রাট, সুমন মীরসহ অজ্ঞাত ৭/ ৮ জন সন্ত্রাসী অতর্কিত হামলা করে। এসময় রুবেল ভূইয়া যুবলীগ কর্মী রিপনকে মাথায় কোপ দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে দূর্বত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ভুক্তভোগী পরিবারের দাবী, আইন প্রয়োগকারী সংস্থা বিষয়টি গুরুত্ব সহকারে দেখে যেন সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহন করেন।
আশুলিয়া থানা অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কমিটির নেতা কর্মীদের মারধর ও কুপিয়ে জখমের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।ঘটনায় জড়িত থাকা ২নং আসামি উজ্জ্বল ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/এমকে