শোক প্রস্তাবে খোকার নাম না থাকায় বিএনপির ক্ষোভ

একজন মুক্তিযোদ্ধা হিসেবে সংসদের শোক প্রস্তাবে সাদেক হোসেন খোকার নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

শনিবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, সংসদের শোক প্রস্তাবে আমাদের প্রধানমন্ত্রী সাদেক হোসেন খোকার নাম উচ্চারণ করেননি, এটা কি তাদের মুক্তিযুদ্ধের চেতনা? এই কি মুক্তিযোদ্ধাদের প্রতি ভালোবাসা।

সরকারের সমালোচনা করে সেলিমা আরও বলেন, আওয়ামী লীগের ‘৭১-৭৫ শাসনামলের পুরাবৃত্তি ঘটছে। আজ একইভাবে জনগণকে নির্যাতন করা হচ্ছে। ক্ষমতার জন্য সরকার শিক্ষাঙ্গনকে কলুষিত করছে। সেখানে মেধাহীন করা হচ্ছে, ব্যবহার হচ্ছে অস্ত্রের।

সেলিমা বলেন, একের পর এক নারী ধর্ষণের শিকার হচ্ছে, হত্যার শিকার হচ্ছে। শুধু নুসরাতের হত্যাকারীদের সরাতে না পেরে তাদের ধরা হয়েছে। যখন সরকারের পায়ের তলায় মাটি নেই তখন দু-একটা ঘটনা দেখানো হচ্ছে মানুষের মনোযোগ ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য।

দেশে দুর্নীতির জন্য তারা যে অভিযান চালাচ্ছে সেটাও একটা আই ওয়াশ। এভাবে তারা দুর্নীতি করে একের পর এক দেশকে ধ্বংস করে দিচ্ছে বলে মনে করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার মুক্তি দেবে না’ উল্লেখ করে সেলিমা আরও বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করে আরও সংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশনেত্রীকে মুক্ত করব।

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহাতাবের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিমের সঞ্চলনায় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল প্রমুখ বক্তৃতা করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর