শ্রমিক লীগের কেন্দ্রীয় সম্মেলনে নতুন সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের সম্মেলনে ফজলুল হক মন্টু সভাপতি এবং আ জ ম খসরু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংগঠনের ১১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তারা নির্বাচিত হন।
সভাপতির দায়িত্ব পাওয়া ফজলুল হক মন্টু শ্রমিক লীগের কার্যকরী সভাপতি হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া কে এম আজম খসরু সদ্য বিদায়ী কমিটির প্রচার সম্পাদক ছিলেন।
সংগঠনের কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ। তিনি ছিলেন সদ্য বিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি। জাতীয় শ্রমিক লীগের সভাপতি পদে সাতজন এবং সাধারণ সম্পাদক পদে ১২ জনের নাম প্রস্তাব করা হয়।
এর আগে, সকাল ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আনুষ্ঠানিকভাবে এই সম্মেলন শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সম্মেলনে সারাদেশের ৭৮টি জেলা কমিটির প্রায় ৮ হাজার কাউন্সিলর এবং ডেলিগেট সম্মেলনে যোগ দেয়। একইসঙ্গে বেশ কয়েকটি দেশ থেকে আমন্ত্রিত অতিথি এবং শ্রমিক নেতৃবৃন্দ ও সম্মেলনে যোগ দেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালের ১২ অক্টোবর দেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। সর্বশেষ ২০১২ সালের ১৯ জুলাই জাতীয় শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে শ্রমিক নেতা শুক্কুর মাহমুদ সংগঠনের সভাপতি এবং সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বার্তাবাজার/কে.জে.পি