ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব থেকে সাধারণ মানুষের জানমাল বাঁচাতে জাতীয় পার্টির নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপ-নেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
শনিবার এক বিবৃতিতে উপকূলীয় এলাকাসহ সারাদেশে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবেলায় সরকারি উদ্যোগের সঙ্গে সহায়তা করতে এই নির্দেশ দিয়েছেন তিনি।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, প্রতিটি দুর্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আর্ত-মানুষের পাশে থেকেছেন। প্রতিটি দুর্যোগে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দুর্গত মানুষের সেবার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাই জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মী প্রাকৃতিক দুর্যোগে পল্লীবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে বিপন্ন মানুষের পাশে থাকবে।
বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সরকারি-বেসরকারি ও সেচ্ছাসেবী সংস্থাগুলোকে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করতেও আহ্বান জানান।
পাশাপাশি উপকূলীয় এলাকার জনসাধারণকে নিকটস্থ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলোয় নিরাপদ আশ্রয় নিতে আহ্বান জানান তিনি।