ঘূর্ণিঝড় বুলবুলের আশঙ্কায় বহির্নোঙ্গরে পণ্য খালাস বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাত হানার আশঙ্কায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পণ্য খালাস বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর হতে দেশের সকল সমুদ্র বন্দর সমূহকে ৪ নম্বর বিপদ সংকেতের বিশেষ সতর্কতা ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে লাইটার শিপ মালিক সংগঠনের ওয়াটার একজন কর্মকর্তা পণ্য খালাস বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ দরুন সাগর এখন উত্তাল। কখন কি হয় বলা যায়না। তাই সতর্কতা স্বরূপ আপাতত সকল পণ্য খালাস বন্ধ রাখা হয়েছে।

তিনি আরো বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আবহাওয়া অধিদফতরের সতর্ক সংকেতকে গুরুত্ব দিয়ে বন্দর চ্যানেল নিরাপদ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে লাইটার শিপগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া রাতে যেসব লাইটার বহির্নোঙরে গেছে সেগুলো নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। বড় জাহাজের বিদেশি ক্যাপ্টেনরাও বৈরী আবহাওয়ার দরুন লাইটারিং বন্ধ করে দিয়েছেন।

এদিকে বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, আবহাওয়া অধিদফতর ৪ নম্বর বিপদ সংকেত দেখাতে বলায় বিকেলে বন্দর ভবনের সম্মেলক বন্দর চেয়ারম্যানের সভাপতিত্বে কক্ষে ঘূর্ণিঝড় মোকাবেলায় এক প্রস্তুতি সভার আহ্বান করা হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর