লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ২ জলদস্যু গ্রেফতার

মেঘনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ জলদস্যুকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ২টি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ।

গ্রেফতারকৃতরা হলেন- লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরলক্ষ্মী গ্রামের ফকরুদ্দিনের ছেলে মো. রাসেল (২৫) ওরফে কালা এবং নোয়াখালী জেলার দক্ষিণ চরবা গ্রামের আবদুল গণি’র ছেলে মো. ইলিয়াছ (২৮)। তারা স্থানীয় জলদস্যু ফকির বাহিনীর সক্রিয় সদস্য বলে জানা গেছে।

লক্ষ্মীপুর র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ জানান, বৃহস্পতিবার দুপুরে সাগরে ডাকাতির উদ্দেশ্যে নোয়াখালীর চরজব্বার থানাধীন চরবা এলাকায় জলদস্যুরা প্রস্তুতি নিচ্ছিল। এসময় গোপন তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর র‌্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে দুই জলদস্যুকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ২টি এলজি, ৪ রাউন্ড কার্তুজ ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নোয়াখালীর চরজব্বার থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে। তাছাড়া নোয়াখালী-লক্ষ্মীপুর জেলার চরা ল মেঘনার মোহনা ও বঙ্গোপসাগরে জলদস্যুতা দমনে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর