টাকার ওপর ঘুমিয়ে পড়া ছবির ব্যাখ্যা দিলেন সেই এসআই

নারায়ণগঞ্জে ডিবি পুলিশের এক কর্মকর্তার একটি ছবি সোশ্যাল মিডিয়া মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে হয়েছে। বুধবার সকাল থেকে ভাইরাল হওয়া ওই ছবিটিতে দেখা যায় ডিবির এসআই মো. আরিফ বিপুল পরিমাণ টাকার ওপর ঘুমিয়ে ছিলেন। এ নিয়ে দেখা দিয়েছে চাঞ্চল্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত থেকে সিদ্ধিরগঞ্জ ও এর আশপাশ এলাকায় ডিউটি করেন এসআই আরিফসহ একদল।

বুধবার সকালে সিদ্ধিরগঞ্জে তাদের ব্যবহারের একটি গাড়ি রাস্তার পাশে পার্কিং করা ছিল। ওই সময় একাধিক ব্যক্তি গাড়ির ভেতরের কয়েকটি ছবি তোলেন।

এতে দেখা যায় এসআই আরিফ বিপুল পরিমাণ টাকার ওপর ঘুমিয়ে ছিলেন। এ টাকাগুলোর প্রতিটি বান্ডিল আকারে দেখা যায়। ১০০, ৫০০ টাকাসহ ১ হাজার টাকার নোটের বেশ কয়েকটি বান্ডিল ছিল সেখানে। তবে টাকার মোট অংক জানা যায়নি। পাশে ছিল তার ব্যবহৃত সরকারি ওয়ারলেস। সকাল থেকে ওই ছবিটি ফেসবুকে ভাইরাল হতে দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই আরিফ বলেন, ‘গাড়িতে ঘুমিয়ে থাকা ছবিটি আমাদের সঙ্গে থাকা কেউ তুলেছেন। শরীর অনেক ক্লান্ত থাকায় গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম আমি।’

তিনি বলেন, ‘আমার পাশে যে টাকাগুলো ছবিতে দেখা গেছে সেগুলো মায়ের চিকিৎসার জন্য এক বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম। সেখানে এক লাখ ২০ হাজার টাকা ছিল। ঘটনাটি চার-পাঁচ মাস আগের ঘটনা। আগের তোলা ছবিটি এখন ভাইরাল হয়েছে।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর