কাউকে বিপদে পড়েই তো ভিক্ষা করতে হয়। তবে কেউ কেউ এটাকে পেশা হিসেবেও বেছে নেয়! আর গুটিকয়েক মানুষ এই পেশার মাধ্যমেই জমিয়ে ফেলেন বিপুল পরিমাণ অর্থ। এরই প্রমাণ আবারো মিলেছে। ঘটনাটি ঘটেছে ভারতের পুডুচেরিতে।
সম্প্রতি সেখানকার একটি মন্দির লাগোয়া ফুটপাতে পর্বতাম নামে এক বৃদ্ধার কাছে পাওয়া গেছে নগদ ১৫ হাজার টাকা। এছাড়া ওই ভিখারিনীর ব্যাংকে দুই লাখ টাকা জমা আছে।
সম্প্রতি মন্দির কর্তৃপক্ষ লাগোয়া ফুটপাথ চত্বরে সাফাই অভিযান করছিল। কিন্তু পর্বতাত ফুটপাতে তার ঝুপড়ি থেকে নড়তে অস্বীকার করেন। উপায় না দেখে পুলিশে খবর দেয় মন্দির কর্তৃপক্ষ। এরপরই পুলিশ গিয়ে পর্বতামের ঝুপড়িতে তল্লাশি চালিয়ে ওই অর্থ উদ্ধার করে।
পুলিশি জেরায় পর্বতাম বলেছেন, তিনি শুধু ভিক্ষা করেই ওই বিপুল অর্থ সংগ্রহ করেছেন। ঘটনা প্রকাশ্যে আসতে পর্বতামকে একটি বৃদ্ধাশ্রমে ভর্তি করা হয়েছে। তামিলনাড়ুর কাল্লাকুরিচিতে তার পরিবারের কাছেও খবর পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, কয়েক মাস আগেই পথ দুর্ঘটনায় মারা যাওয়া মুম্বাইয়ের ধারাভি অঞ্চলের বাসিন্দা এক ভিখারির কাছ বিপুল পরিমাণ অর্থ পাওয়া গিয়েছিল। ব্যাঙ্কে জমানো তার কয়েক লাখ টাকা, বস্তির ঝুপড়িতে জমানো কয়েন গুণতেই পুলিশ অফিসারদের সারাদিন লেগেছিল।
বার্তাবাজার/কে.জে.পি