ছেলে হত্যার বিচার চেয়ে অঝরে কাঁদছেন মা

ছেলে অমি’র কথা বলে অঝরে কাঁদছেন আর বিলাপ করছেন। মা ঝর্ণা বেগমের কান্না থামছে না কোনভাবেই। বার বার ছেলের কথা বলে বাড়িতে আসা লোকজনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছেন। একই সঙ্গে ছেলে হত্যার বিচার চাচ্ছেন সন্তান হারা এই মা। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা কারো নেই। বাড়িতে ছুটে আসা মানুষও চোখের জল সংবরণ করতে পারছেন না। গোটা গ্রাম যেন শোকে মুহ্যমান। এলাকাবাসীর একটাই দাবি, অমি’র খুনিদের বিচার করা হোক।

শেরপুরে নালিতাবাড়ী উপজেলার পূর্ব কালিনগর এলাকায় নিহত অমি’র বাড়িতে এমন শোকাবহ পরিবেশ চলছে। নিখোঁজের পাঁচদিন পর বুধবার (৬ নভেম্বর) আকিব ইসলাম খান অমি’র (১২) মরদহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বেলা ১২টা দিকে পৌরশহরের গূর্বকালিনগর মহল্লায় পুলিশ এলাকা তল্লাশির সময় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। নিহত অমি শহরের পূর্ব কালিনগর এলাকায় আব্দুর রউফের ছেলে। অমি স্থানীয় শাহিন স্কুলের পঞ্চম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী ছিল।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (২ নভেম্বর) বিকেলে অমি বাড়ি থেকে বেড় হয়ে বাড়ির পাশের মাঠে খেলতে যায়। সন্ধ্যা পার হয়ে গেলেও সে বাড়িতে ফিরে না এলে সারারাত বিভিন্ন আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান না পেলে পরদিন রোববার (৩ নভেম্বর) অমি’র বাবা আবদুর রউফ নালিতাবাড়ীর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গত পাঁচ দিনে অমি’র সন্ধান চেয়ে তার পরিবারের পক্ষ থেকে জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে মাইকিংও করা হয়। এছাড়া অমি’র সন্ধানে সারা দেশে পুলিশ অডিও বার্তা পাঠায়।

খোঁজাখুঁজির পর অমি’র বাবা আবদুর রউফ বাদী হয়ে গত মঙ্গলবার রাতে থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর