ঝিনাইদহের চতুর্থ শ্রেণির এক ছাত্রকে দিয়ে টয়লেট পরিষ্কার করার ভিডিও ভাইরাল হয়েছে। কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই ছাত্রকে বিদ্যালয়ের টয়লেট পরিষ্কার করার দৃশ্য দেখা যায়।
ভিডিওটিতে দেখা যায়, চতুর্থ শ্রেণির ছাত্র বিপ্লব ব্রাশ দিয়ে টয়লেট পরিষ্কার করছে। স্কুলের পিওন থাকা সত্ত্বেও চতুর্থ শ্রেণির ছাত্রটি টয়লেট পরিষ্কার করছে। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা গেছে।
পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী লিজা আক্তার জানায়, কিছুদিন আগে শামীম স্যার আমাকে মারছিল। মা আমাকে স্যারকে ডিম দেয়ার জন্য দিয়েছিলেন। আমি স্যারকে না দেয়ায় স্যার আমাকে মারধর করেছেন।
চতুর্থ শ্রেণির আরেক শিক্ষার্থী নাইম হোসেন জানায়, স্কুলের কলেরপাড় পরিষ্কার করতে ম্যাডাম (প্রধান শিক্ষিকা) আমাকে বলেন।
নাম প্রকাশ না করার শর্তে স্কুলের এক অভিভাবক বলেন, স্কুলে শিক্ষার্থীরা যায় পড়ালেখা করতে। কিন্তু টয়লেট পরিষ্কার করানো উচিত নয়। অনেক শিক্ষার্থীর এতে মনোবল নষ্ট হয়ে যায়। এ ছাড়া লেখাপড়া ব্যতীত তুচ্ছ বিষয়ে মারধর করা উচিত নয় বলে তিনি জানান। আমরা এ সব বিষয়ে একটা লিখিত অভিযোগ দিব।
এ ব্যাপারে উপজেলার ৪নং পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইশরাত জাহান বলেন, টয়লেট ওরাই (ছাত্র-ছাত্রীরা) ব্যবহার করে, ওরাই পরিষ্কার করবে। আর তাছাড়া গত ৩১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুলের যাবতীয় কাজ ছাত্র-ছাত্রীরাই করবে বলে ঘোষণা দেন।
ডিম দেয়ার বিষয়ে শিক্ষার্থীকে মারধর করার বিষয়ে তিনি বলেন, আমি ওই স্যারকে সরি বলতে বলেছি।
কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা আক্তার বানু বলেন, আমি ব্যক্তিগত কাজে আজ ছুটিতে আছি। এ ব্যাপারে কোনো অভিযোগ পেলে অবশ্যই সরকারি বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা বলেন, লিখিত অভিযোগ পেলে অবশ্যই আমি ব্যবস্থা নিব।
বার্তাবাজার/ডব্লিওএস