চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চিকিৎসা কার্যক্রমকে আরো উন্নত ও গতিশীল করতে ‘সাউথইস্ট ব্যাংক লিমিটেডের’ পক্ষ থেকে থেকে সিএমিপ’কে একটি নতুন এ্যাম্বুলেন্স উপহার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালে দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপির সম্মেলনে সিএমপি কমিশনার মাহাবুবর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামাল হোসেন।
সাউথইস্ট ব্যাংকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে সিএমপি কমিশনার মাহবুবর রহমান বলেন, এই অত্যাধুনিক এ্যাম্বুলেন্সটি সিএমপির চিকিৎসা কার্যক্রমকে আরো গতিশীল ও সহজ করবে।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামাল হোসেন বলেন, পুলিশ জনতার সেবক। জনতার সার্বিক সুরক্ষা নিশ্চিতকরণে তারা দিন রাত পরিশ্রম করেন। তাঁদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে ভাবা আমাদের নৈতিক দায়িত্ব। আর এই নৈতিকতাবোধ হতেই তাঁদের চিকিৎসা সেবা এগিয়ে নেয়ার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
সাউথইস্ট ব্যাংকের এ্যাম্বুলেন্স সরবরাহের সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস.এম. মোস্তাক আহমেদ সহ সাউথইস্ট ব্যাংকের উচ্চ পদস্থ কর্মচারী ও বিভিন্ন পদের পুলিশ কর্মকর্তা।
বার্তা বাজার/এম.সি