‘বিশ্ববিদ্যালয় এখন দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে’

‘বিশ্ববিদ্যালয় এখন দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে। এখানে চলছে স্বৈরাচার, অন্যায়-অনিয়ম, নিয়োগ বাণিজ্য। অথচ যারা এ অনিয়মের সাথে জড়িত তারাই মুখে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে বেড়াচ্ছে। নিয়োগ বাণিজ্যর ফোনালাপ প্রকাশ পেল, অথচ কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি বর্তমান প্রশাসন। এমনকি তদন্ত কমিটি গঠন করাও প্রয়োজন মনে করেন নি। এতেই প্রতীয়মান হয় যে, সে টাকায় বর্তমান ভিসি অংশীদার রয়েছেন।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের দুর্নীতি ও নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগ এনে অপসারণের দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন মানববন্ধনে পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও ভূতত্ব খনিবিদ্যা বিভাগের সভাপতি ড. মো. সুলতান-উল-ইসলাম।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্নীতি ও নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগ এনে অপসারণের দাবিতে ৯ম দিনের মত এ মানববন্ধনের আয়োজন করে আওয়ামীপন্থী শিক্ষকদের জোট মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজের একটি অংশ। ‘দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজ’ এর ব্যানারে বৃহস্পতিবার বেলা ১২টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানব বন্ধনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক এস এম এক্রাম উল্যাহ বলেন, রাবি শিক্ষক নিয়োগের যে নীতিমালা ছিল সেটা অন্য বিশ্ববিদ্যালয়গুলো অনুসরণ করত কিন্তু নীতিমালা পরিবর্তন করে ৬৭তম হয়েও ভিসির জামাতা নিয়োগের মাধ্যমে ব্যক্তিগত লাভবান হলেও বিশ^বিদ্যালয়কে কলঙ্কিত করেছে। পৃথিবীর মধ্যে বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল ঠিক সে সময় রাবির ভাবমূর্তি নষ্ট করতে ব্যস্ত বর্তমান প্রশাসন।

ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আলী রেজার সঞ্চালনায় মানববন্ধনে অংশ নেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক এস এম এক্রাম উল্যাহ, কেন্দ্রীয় গ্রন্থাগারের সাবেক প্রশাসক ও বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী, সাবেক ছাত্র উপদেষ্টা এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান, সাবেক প্রক্টর ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মজিবুল হক আজাদ খান প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর