চমেকে শিক্ষার্থীদের মানববন্ধন

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে গণস্বাক্ষর ও মানববন্ধনের মাধ্যমে আন্দোলন অব্যাহত রেখেছেন চমেক শিক্ষার্থীরা।

বৃস্পতিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে থেকে কলেজের মূল গেইটে এ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে অধ্যক্ষের বদলির আদেশ প্রত্যাহারের পক্ষে কলেজে সকলের স্বাক্ষর গ্রহণ ও পরে দুপুর ১টায় কলেজের মূল গেইটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডা. শামীম হাসান। মঙ্গলবার (৫ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে।

চমেক ও হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের ডা. শামীম হাসানকে অধ্যক্ষ ও চমেকের বর্তমান অধ্যক্ষ ডাঃ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরকে ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক হিসেবে বদলি করা হয়েছে।

এই আদেশ জারির পর হতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীরের বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, “একজন সৎ ও সফল অধ্যক্ষ হিসেবে জাহাঙ্গীর স্যারের কোন বিকল্প নেই। দীর্ঘ দশ বছর তিনি অত্যন্ত দক্ষতার সাথে কলেজ পরিচালনা করেছেন। তাই আমরা তাঁকেই অধ্যক্ষ হিসেবে দেখতে চাই।”

ছবি: বার্তা বাজার

এছাড়া, গতকাল বুধবার সকালে একদল শিক্ষার্থী ‘চট্টগ্রাম মেডিকেল কলেজের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে প্রশাসনিক ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করে। তাদের দাবি ‘সৎ শিক্ষক’ অধ্যক্ষ ডাঃ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরকে বদলি করা ঠিক হয়নি।

শিক্ষার্থীদের বিক্ষোভ প্রসঙ্গে ডাঃ সেলিম মোহাম্মদ বলেন, “আমাকে অধ্যক্ষ থেকে সরিয়ে ফার্মাকোলজি বিভাগে বদলি করা হয়েছে। এটি সরকারি সিদ্ধান্ত। তা সকলকে মানতে হবে।”

শিক্ষার্থীদের আন্দোলন না করে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করে তিনি বলেন, “শিক্ষার্থীরা যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে সরানোর আন্দোলন করে। সেখানে শিক্ষার্থীরা আমাকে রাখার জন্য আন্দোলন করছে। এটি আমার জন্য অনেক বড় পাওয়া।”

 

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর