জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও শিক্ষকদের উপর উপাচার্য ফারজানা ইসলামের সন্ত্রাস বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা।
আজ ( বৃহস্পতিবার) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে হামলার প্রতিবাদ জানায় এবং শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা হামলার তীব্র প্রতিবাদ ও বিচারের দাবী জানান।
মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, “অবিলম্বে সন্ত্রাস ভিসি ফারজানা ইসলাম কে অপসারণ করা হোক ও হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।”
বাংলা বিভাগের শিক্ষার্থী রাজু গাজী বলেন, “এই ধরনের সন্ত্রাসী কর্মকান্ড বিশ্ববিদ্যালয়ে কখনো কাম্য নয়। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।”
এ ব্যাপারে শিক্ষার্থী আক্তারুজ্জামান সিয়াম বলেন, “যে উপাচার্য শিক্ষার্থীদের উপর হামলা করাতে পারে, সে কখনোই উপাচার্যের মত গুরুত্ত্বপূর্ণ পদে থাকার যোগ্য নয়। তাকে দ্রুত অপসারণ করা হোক এবং যারা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নির্মমভাবে হামলা করেছে তাদেরকে দ্রুত শাস্তি নিশ্চিত করা হোক।
বার্তা বাজার/এম.সি