আন্দোলনকারীদের উপর হামলা ও হল বন্ধের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা এবং হামলা পরবর্তী বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপাচার্যের বাসভবন ঘুরে ও গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে ফের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে আন্দোলনকারী সংগঠক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাংগঠনিক সম্পাদক শোভন রহমান বলেন, ‘অধ্যাপক ফারজানা ইসলামকে আমরা অনেক বার তদন্ত করে নির্দোষ প্রমানিত হয়ে আসতে বলেছি। কিন্তু তার সেই মেরুদন্ড নেই। তিনি তদন্তের দাবি মেনে না নিয়ে উল্টো ছাত্রলীগ দিয়ে আমাদের উপর হামলা করলেন। উপাচার্যকে বলতে চাই আপনি আপনার চেয়ারটা ছেড়ে দিয়ে বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিক নিয়মে চলতে সাহায্য করুন। নয়তো বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থার দায় আপনার উপর যাবে।’

প্রসঙ্গত, উপাচার্যের অপসারণ দাবিতে গত সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে উপাচার্যের বাসভবন ঘেরাও করেছে রেখেছিলেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

পরেরদিন মঙ্গলবার সকাল সোয়া ১১টায় উপাচার্য সমর্থক শিক্ষক-কর্মকর্তারা উপাচার্যকে বাসা থেকে বের করে তার কার্যালয়ে নিয়ে যেতে আসেন।

এ সময় উপাচার্য সমর্থক শিক্ষক ও আন্দোলনকারীদের সঙ্গে উত্তপ্ত বাক-বিতণ্ডা চলতে থাকে। এর মধ্যেই পৌনে ১২টার দিকে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানার নেতৃত্বে একটি মিছিল নিয়ে ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের এলোপাতাড়ি মারধর করতে শুরু করে।

পরে দুপুর আড়াইটার দিকে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন। এছাড়া শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে গতকাল বুধবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক সালাম সাকলাইন স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল কিংবা কোনো অফিস বা আবাসিক এলাকায় শিক্ষার্থীদের অবস্থানে নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে এ বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর