বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো: ছাদেকুল আরেফিন তার প্রথম কর্মদিবস শুরু করেন। তবে তিনি কারো কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেননি।
আজ বিকেলে (বুধবার) তিনি উৎসব মুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো: ছাদেকুল আরেফিন বলেন, “এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা কার্যক্রম বেগবান করা, বিশ্ববিদ্যালয়কে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার চেষ্টা করাই হবে আমার মূল কাজ। খুব শীঘ্রই এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারন করা হবে, পাশাপাশি সেশনজট নিরসনে কাজ করার কথাও ব্যাক্ত করেন।”
যোগদান অনুষ্ঠানে কোনো ফুলের আয়োজন না থাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি আজ ফুলেল শুভেচ্ছা নিতে চাই না বরং চার বছর ভালো কাজ করে বিশ্ববিদ্যালয় ও বরিশালবাসী আমার কাজে খুশি হয়ে বিদায়ের সময় কেউ ফুল দিতে চাইলে তখন সেটা গ্রহন করব।”
উল্লেখ্য, গত ২৭ মে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হকের মেয়াদ শেষ হওয়ার পর থেকে দীর্ঘ চার মাস উপাচার্যসহ শীর্ষ পাঁচ প্রশাসনিক পদ শূন্য ছিল।
বার্তাবাজার/ডব্লিওএস