কারও জন্য কেউ অপেক্ষা করে না

ভারতে বাংলাদেশ দলের সঙ্গে আছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ভারতকে তাদের মাটিতে হারানোকে বিরাট অর্জন বলে মনে করছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক থেকে নির্বাচক হওয়া নান্নু।

রাজকোটের সৌরাস্ট ক্রিকেট অ্যাসোসিয়েসন স্টেডিয়ামে আজ বুধবার দ্বিতীয় ম্যাচ নিয়ে কথা বলেন নান্নু। এ সময় সাকিব প্রসঙ্গ এলে তিনি জানান, সাকিবকে বাদ দিয়েই এখন পরিকল্পনা করতে হবে।

প্রধান নির্বাচক বলেন, ‘আয়ারল্যান্ডে সাকিব কিন্তু ফাইনাল ম্যাচ খেলতে পারেনি। এখন এটা মাথায় নেওয়া উচিত না, কে খেলছে বা কে খেলছে না। যেদিন যে প্ল্যাটফর্মটা পাবে, ওটা যেন কাজে লাগায়। কারও জন্য কেউ অপেক্ষা করে না। যে যখন সুযোগ পায় তখন ভালো ক্রিকেট খেলতে হবে।’

প্রসঙ্গটি আসে মূলত সৌম্য সরকারের সঙ্গে তুলনা নিয়ে। সাকিব আল হাসান যখন দলে ছিলেন, তখন সৌম্য ব্যাটিংয়ে নামতেন নিচের দিকে। তিনে নামতেন সাকিব। কিন্তু সাকিব না থাকায় ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে সৌম্য ব্যাটিং করতে নামেন সাকিবের জায়গায়। এদিন সৌম্য খেলেছিলেনও দুর্দান্ত। নাঈম ও মুশফিকের সঙ্গে দুই জুটিতে ৩৫ বলে ৩৯ রান করেন তিনি।

এই প্রসঙ্গে নান্নু বলেন, ‘দেখেন সাকিব এক ধরনের ক্রিকেটার। সৌম্য আরেক ধরনের ক্রিকেটার। টিম ম্যানেজমেন্ট যে পরিকল্পনা করছে সেটা অনুযায়ী কিন্তু ব্যাটিং অর্ডার সাজাচ্ছে।

ওইভাবে তুলনা করা উচিত না। কোন ক্রিকেটার কোনভাবে কী করে, আমাদের টপ অর্ডার থেকে মিডল অর্ডার পর্যন্ত অনেকগুলো বাঁহাতি ব্যাটসম্যান আছে। টিম ম্যানেজমেন্ট যাকে যখন যেখানে চায় নামাবে।

আর টি-টোয়েন্টিতে কিন্তু প্রতিষ্ঠিত ব্যাটিং অর্ডার থাকে না। অনেক সময় অবস্থা অনুযায়ী অনেক কিছুর পরিবর্তন হয়। টিম ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করে সেটাই করবে।’

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। আগামী বছরের ২৯ অক্টোবরের আগে তাকে মাঠে দেখা যাবে না। বিশ্বের সেরা এই অলরাউন্ডারকে নিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সব পরিকল্পনা করেছিল। কিন্ত সে না থাকায় সব ওলট-পালট হয়ে যায়। ব্যাটিং অর্ডার থেকে শুরু করে দলে আনতে হয়েছে বড় পরিবর্তন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর