বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ

‘বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় ছিনতাই, চাঁদাবাজি, মাদক সেবন, যৌন হয়রানির ঘটনা ঘটলেও প্রশাসনকে কোন ধরনের কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায় না। পুলিশের কাজ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সেই পুলিশের দ্বারাই আমরা আজ নির্যাতিত হচ্ছি। প্রক্টরিয়াল বডি থাকা সত্বেও আজ আমাদের ওপর ছাত্রলীগ ও পুলিশি হামলার ঘটনা ঘটছে।বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ।’

বুধবার বিকেল ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক মানববন্ধনে শিক্ষার্থীরা এসব কথা বলেন।

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারনের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত মঙ্গলবার মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামলে পুলিশি হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় নিন্দা জানিয়ে এই মানববন্ধন করে রাবি শিক্ষার্থীরা।

মানববন্ধনে আন্দোলনকারীরা বলেন, ‘জাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিক মারধরের ঘটনায় আমরা প্রধান সড়কে আন্দোলনে নেমেছিলাম। সেখানে আমাদের দাবি ছিলো মারধরের ঘটনায় যে সকল ছাত্রলীগ নেতাকর্মীরা যুক্ত তাদের আইনের আওতায় নিয়ে আসা। আন্দোলনে আমাদের সঙ্গে বিশ^বিদ্যালয়ের শিক্ষকরাও একাত্বতা প্রকাশ করেছিলেন। কিন্তু আমাদের এই যৌক্তিক আন্দোলনে পুলিশ বাঁধা দেয়। তারা আমাদের ওপর লাঠিচার্জ করে ও ৪ জনকে থানায় নিয়ে মামলা করার হুমকি দিয়ে আমাদের হয়রানি করে।’

আন্দোলনকারীরা আরও বলেন- ‘বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক আছেন যারা দুর্নীতিকে সর্মথন করেন না, কিন্তু কতজন শিক্ষক আছেন যারা এই দুর্নীতির প্রতিবাদ করে? এর সংখ্যা অত্যন্ত নগণ্য। এসময় আন্দোলনকারীরা সকল দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-শিক্ষককে রুখে দাড়ানোর আহ্বান জানান।’

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর