বন্দর নগরী চট্টগ্রামের অতি ব্যস্ততম বিমানবন্দর সড়ককে যানজট মুক্ত রাখতে দেওয়ানহাট মোড় থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তায় রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
সিএমপির ট্রাফিক বিভাগের পূর্বের ঘোষণা অনুযায়ী বুধবার (৬ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন উপ পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ তারেক আহমেদ।

তিনি জানান, পোশাক শিল্প কারখানা এলাকা সিইপিজেড, স্টীল মিল এলাকা, বারিক বিল্ডিং মোড় সংলগ্ন বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ দিয়ে বন্দরের পণ্য বোঝাই গাড়ি ও সিইপিজেড এর গাড়ির পাশাপাশি সকল প্রকার ছোট বড় যানবাহন চলাচলের দরুন সৃষ্টি হয় মারাত্মক যানজট। যার দরুন প্রায়শই বিমানবন্দরগামী ও বিমানবন্দর হতে আগত যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। যেখানে রিকশা চলাচলের দরুন যাত্রীদের ভোগান্তি আরও তীব্র আকার ধারণ করে। তাই দেওয়ানহাট হতে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিকশা চলাচল বন্ধের বিষয়ে রিকশা মালিক সমিতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা হয়। সবার উদ্যোগে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
তিনি আরো বলেন, দেওয়ান হাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত রিকশা চলাচল বন্ধ করা হলেও চৌমুহনী মোড় ও বাদামতলী মোড়ের পূর্ব পশ্চিমে রাস্তা অতিক্রম করতে পারবে রিকশা। তবে মোড়ের একশ গজের মধ্যে কোনও যানবাহন দাঁড়িয়ে থাকতে পারবে না।
দেওয়ানহাট হতে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত রিকশা চলাচল বন্ধের এ সিদ্ধান্ত সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্য সিএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে প্রচারণা চালানো হচ্ছে। এ ছাড়া রিকশা চালকদের জন্য নির্দিষ্ট পোশাক নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট পোশাক সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে। এ উদ্যোগ সফল হলে নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও রিকশা চলাচল বন্ধ করা হবে বলে জানান উপ পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ তারেক আহমেদ।
বার্তা বাজার/এম.সি