বোনকে শেষ দেখা হল না নির্মলের

বুধবার সকাল ১০টায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা নির্মল পালের। বুধবার ভোরবেলা বাড়ি থেকে মোবাইলে জানানো হল তার বড় বোন স্বপ্না রানী (১৬) আর নেই। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সকালে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছাবে। বড়বোনের সাথে শেষ দেখা আর হবে না। এমন খবরে মর্মাহত নির্মল। কিন্তু করার কিছুই নেই। বোনের মরদেহ বাসায় রেখেই পরীক্ষায় দিল সে।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের সনাতন পালের ছেলে নির্মল পাল। স্কুল হাট উচ্চ বিদ্যালয় থেকে বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১০২নং কক্ষে বোনের মরদেহ বাসায় রেখে বুধবার হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পরীক্ষা দিলেন।

পরীক্ষা শেষে বের হবার সময় নির্মল পাল জানায়, দীর্ঘদিন ধরে মাথায় সমস্যার ভুগছিলেন তার বড় বোন স্বপ্না রানী। স্থানীয় চিকিৎসক দিয়ে দীর্ঘদিন চিকিৎসা করাচ্ছিলেন তার পরিবারের লোকজন। সর্বশেষ গত ১৫ দিন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করিয়েছে তার পরিবার। বুধবার ভোর রাতে সেখানে তার মৃত্যু হয়।

পরীক্ষা ভালো হয়েছে বলে উল্লেখ করে নির্মল পাল আরও জানান, পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে শহরের একটি ম্যাচে উঠেছে সে। সেখান থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। সকালবেলা খবর পাওয়ার বোনের মুখ শেষবার দেখার জন্য রাস্তা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। কিন্তু গাড়ী আসতে দেরী করায় দেখা করা সম্ভব হয়নি। বোনকে হারালেও পড়ালেখায় মনযোগ হারায়নি বলে জানায় নির্মল।

নির্মলের চাচাতো ভাই সুমন মুঠোফোনে জানান, স্বপ্না রানীর মরদেহ বুধবার সকাল সাড়ে ১১টার সময় পারিবারিক শ্বশানঘাটে তার শেষ কৃর্ত সম্পন্ন করা হয়েছে।

নির্মলের বাবা সনাতন পাল জানান, বোনের আদরে মানুষ হয়েছে ছেলেটি। দীর্ঘদিন অসুস্থ্য থাকলেও ভাইয়ের আদর একটুও কম ছিল না। বোনকে হারানোর ফলে নির্মলসহ পরিবারের সকলেই শোকাহত। ছেলেটির বাকি পরীক্ষাগুলো ভালভাবে দেওয়ার জন্য তাকে পরিবার থেকে শান্তনা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শক ও উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মন জানান, বিষয়টি মর্মান্তিক। পরীক্ষা শুরুর আগে বিষয়টি জানতেন না তিনি। পরীক্ষা শেষে নির্মলকে শান্তনা দেন তিনি।

এ সময় কেন্দ্র পরিদর্শক উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ সরকার, কেন্দ্র সচিব ও বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. টিএম মাহববুর রহমান উপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান মুঠোফোনে জানান, ছেলেটির এমন খবর শোনার পর দুঃখ প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমনের মুঠোফোনে একাধিকবার
যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বুধবার ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষায় ১ হাজার ৫শ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন বলে কেন্দ্র সচিব ড. টিএম মাহববুর রহমান জানিয়েছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর