নালিতাবাড়ীতে শিশু অমির বস্তাবন্দি লাশ উদ্ধার

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের ৫ দিন পর আকিব ইসলাম খান ওরফে অমির (১২) এর বস্তাবন্দি লাশ ৬ নভেম্বর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পার্শ্বে ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে নালিতাবাড়ী থানার পুলিশ। শিশু অমির নালিতাবাড়ী পৌরশহরের কালিনগর মহল্লার আব্দুর রউফের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ৬ নভেম্বর বুধবার সকালে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর নির্দেশে পুলিশের একটি টিম নালিতাবাড়ী পৌরসভার পূর্ব কালিনগর মহল্লায় কয়েক ঘণ্টা অভিযান চালায়। এসময় অভিযানের প্রায় দেড় ঘণ্টা পর আব্দুর রউফের বাড়ি থেকে আনুমানিক আড়ইশ’ গজ দূরে একটি ধান ক্ষেত থেকে আকিব ইসলাম খান ওরফে অমির বস্তাবন্দি লাশ উদ্ধার করে।

পঞ্চম শ্রেণিতে পড়ুয়া আকিব ইসলাম খান অমির গত ১ নভেম্বর শনিবার বিকেলে নাজমুল স্মৃতি কলেজ মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পর নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরী করে তাঁর পরিবার।

পরিবারের লোকজন নিখোঁজ অমিরকে বিভিন্ন স্থানে খুঁজাখুজি অব্যাহত রাখলেও কোথাও তাঁর কোন সন্ধান পায়নি। অবশেষে নিখোঁজ ঘটনার ৫ দিন পর পুলিশ অমিরদের বাড়ির আশপাশে অভিযান চালায়। পরে ওই স্থান থেকে অমির লাশ উদ্ধার করে নালিতাবাড়ী থানার পুলিশ।

এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। আটককৃতরা হলো- নালিতাবাড়ী পৌরসভার কালিনগর মহল্লার বিল্লালের ছেলে রাকিব (১৪), মজিবরের ছেলে সিয়াম (১৮), সালাম (৪০), রজব আলী (২৮), আয়নলের ছেলে রাব্বি (১৮), আবুল কাশেমের ছেলে আবু হুরায়রা (১৮)।

সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম অমির লাশ উদ্ধার ও ৬ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু অমির হত্যার ঘটনায় জড়িতদের শীঘ্রই চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দীক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর