খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন, শুনানি ২৯ জানুয়া‌রি

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী বছরের ২৯ জানুয়া‌রি দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৬ ন‌ভেম্বর) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতের বিচারক ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ শুনা‌নির এ দিন ধার্য করেন। যদিও এদিন এ মামলার গঠন শুনানির দিন ধার্য ছিল। খালেদা জিয়া আদালতে উপস্থিত থাকতে না পারায় পরবর্তী দিন ঠিক করেন বিচারক।

২০১৫ সালের প্রথম দিকে বিএনপির হরতাল চলাকালে দারুস সালাম থানায় এ মামলাগুলো করে পুলিশ। ২০১৬ সালের প্রথম দিকে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

খালেদা জিয়া ছাড়া মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।

গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর