ঋণ কেলেঙ্কারি, ভুয়া এলসি, ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ অনুসন্ধানে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার সকাল ১০টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক আবুবকর সিদ্দিক তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৩০ অক্টোবর তাকে তলব করে চিঠি দেয়া হয়েছিল।
তার বিরুদ্ধে উঠা অভিযোগের বিষয়ে বলা হয়, ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান ও অন্যদের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ গ্রহণ, বিরাট অঙ্কের ঋণ কেলেঙ্কারি, ভুয়া এলসি খোলা, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারেরও অপরাধ রয়েছে।
বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করে ঢাকা ব্যাংকের এমডিকে নির্ধারিত তারিখে দুদক প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা দফতরে উপস্থিত হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়।
বার্তাবাজার/এমকে