জাবি’তে ফের আন্দোলন শুরু, পুলিশ মোতায়েন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্যের অপসারণ দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
এদিকে সকাল থেকে ফের আন্দোলন শুরু করেছেন আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের বাসভবনের পাশ থেকে অবস্থান তুলে নেয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। পরবর্তী আন্দোলন আরও জোরালো করতেই সাময়িকভাবে রাতের কর্মসূচি স্থগিত করা হয়। তবে আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে পরবর্তী আন্দোলন শুরু করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। সকাল ৯টায় বিক্ষোভ মিছিল ও ১০টায় অধ্যাপক আনু মুহাম্মদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সংহতি সমাবেশ করবেন আন্দোলনকারীরা।

এর আগে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে গেল মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। গত সোমবার রাত থেকে ভিসি অধ্যাপক ফারজানা ইসলামকে তার বাসভবনে অবরুদ্ধ করে রাখা হয়। মঙ্গলবার কিছু শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রলীগের পাহারায় ভিসিকে বাসা থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এরপর সংবাদ সম্মেলন করে ভিসি- জানান, জামায়াত-শিবিরপন্থী শিক্ষকদের সহায়তায় ক্যাম্পাস অস্থিতিশীল করা হচ্ছে।

অন্যদিকে ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন আন্দোলনকারীরা। সংঘর্ষে বেশ কজন আহত হয় বলে দাবি করা হয়। আর গতকালই জরুরি সিন্ডিকেট সভা করে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।

তবে, হল ছাড়ার নির্দেশ না মেনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অপরদিকে শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ ৪জন পদত্যাগ করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর