হত্যার পর ‘সর্বহারা জিন্দাবাদ’ স্লোগান দিতে দিতে চলে যান দুর্বৃত্তরা

দুগ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে পাবনার বেড়া উপজেলায় আতোয়ার সরদার (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর ‘সর্বহারা জিন্দাবাদ’ স্লোগান দিতে দিতে চলে যান তারা বলে জানায় পুলিশ। মঙ্গলবার রাতে ঢালারচর ইউনিয়নের দুর্গাপুর বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত আতোয়ার চরমপন্থী সর্বহারা দলের নেতা। তিনি উপজেলার চরদুর্গাপুর গ্রামের মৃত আ. সাত্তার সর্দারের ছেলে। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। মাস দুয়েক আগে তিনি মামলায় জামিন পেয়ে বাড়ি আসেন।

ঢালারচর পুলিশ ফাঁড়ির এসআই আশরাফ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার সন্ধ্যায় অতোয়ার দুর্গাপুরবাজারে দরগা শরীফের পাশে একটি দোকানে বসেছিলেন।

এ সময় সাত-আটজন অস্ত্রধারী এসেই তার ওপর উপর্যুপরি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় দুর্বৃত্তরা ‘সর্বহারা জিন্দাবাদ’ স্লোগান দিতে দিতে চলে যায়। ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড রাইফেল ও এক রাউন্ড শটগানের গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

আতোয়ার সর্বহারা দলের সক্রিয় ক্যাডার ছিলেন। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। মাস দুয়েক আগে তিনি মামলায় জামিন পেয়ে বাড়ি আসেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) গৌতম কুমার বিশ্বাস জানান, চরমপন্থীদের অভ্যন্তরীণ কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর