ক্যাম্পাসে ক্যাম্পাসে বিরাজ করছে অস্থিরতা

এক এক করে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ছে অস্থিরতা। নানা ইস্যুতে চলছে আন্দোলন। বন্ধ থাকছে ক্লাস-পরীক্ষা। স্থবির হয়ে পড়ছে প্রশাসনিক কার্যক্রম। আর দিনের পর দিন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় তৈরি হচ্ছে জটিলতা। সর্বশেষ গতকাল শিক্ষার্থীদের আন্দোলনের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ভিসি অধ্যাপক ফারাজানা ইসলামের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। এই আন্দোলনে ছাত্রলীগ হামলার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের জেরে শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এই হত্যাকান্ডের বিচারসহ ১০দফা দাবিতে ক্লাশ পরীক্ষা বর্জন করে আসছেন সাধারণ শিক্ষার্থীরা। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

অন্যদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ভিসি অধ্যাপক ড. রোস্তম আলী ও প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে ৬ষ্ঠ দিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে চলছে অচলাবস্থা। শনিবার অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহমেদকে পুকুরের পানিতে ফেলে দেয় ছাত্রলীগের কিছু নেতাকর্মী। এরই বিচারের দাবিতে আন্দোলন করে যাচ্ছে শিক্ষার্থী ও শিক্ষকরা। বন্ধ রয়েছে সকল ধরণের একাডেমিক কার্যক্রম।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আইন ডিগ্রির দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ফলে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। দুই মাস ধরে অনুষদটির শিক্ষার্থীরা বিএসসি ডিগ্রির পরিবর্তে আইন ডিগ্রির দাবিতে আন্দোলন করে আসছেন। এই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আন্দোলনের মুখে স্থবির হয়ে রয়েছে।

এছাড়াও সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ে টাকার বিনিময়ে গঠিত ছাত্রলীগের কমিটি বিলুপ্তি চেয়ে আন্দোলন করেছে পদ প্রত্যাশী নেতা-কর্মীরা। শাখা সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের ৪০ লাখ টাকায় নেতা হবার অডিও ফাঁস হলে আন্দোলনে নামে তারা। তবে কেন্দ্রর সঙ্গে সাময়িক সমঝোতায় আন্দোলন স্থগিত রয়েছে। এছাড়া প্রক্টর বিরোধী আন্দোলন শেষে এক ছাত্র নেতার বাড়িতে হুমকির ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধায় ইবির আইসিটি সেলের কর্মচারী ইলিয়াস জোয়ার্দ্দার ৭/৮ জন সন্ত্রাসী নিয়ে শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালনের বাড়িতে হত্যার হুমকি দিতে যান। পরে এলাকাবাসীর সংবাদে চুয়াডাঙ্গার গাংনি থানা পুলিশ ইলিয়াসসহ ৪ জনকে আটক করে। এ নিয়ে শাখা হত্যা হুমকিরর মামলা দায়ের করেন লালনের পরিবার। তবে রাজনৈতিক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্তাব্যক্তির হস্তক্ষেপে আটককৃতরা সোমবার আদালত থেকে ছাড়া পায়। এ নিয়ে ক্যাম্পাসে চাপা ক্ষোভ বিরাজ করছে।

অস্থিরতা বিরাজ করছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও। ২৯শে অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংষর্ষ বাধে। এই সংঘর্ষে আহত হয় প্রায় ২০ জন। বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল ও জিয়া হলের ছাত্রলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দ্বন্দ্ব বাধে। এ নিয়ে ক্যাম্পাসে এখানো উত্তেজনা বিরাজ করছে।

এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ দিন আন্দোলনে ছিলেন। তার মধ্যে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগে বাধ্য হন। বাধ্যতামুলক ছুটিতে পাঠানো হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে। ভিসিকে সরিয়ে দেয়া এবং পরবর্তী দুটি পদ শূন্য থাকায় এ বিশ্ববিদ্যায়ে প্রশাসনিক জটিলতা দেখা দেয়।

ভিসি ইমামুল হকের পদত্যাগের দাবিতে ২৬শে মার্চ থেকে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। ভিসি শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দেবার পর থেকেই শুরু হয় আন্দোলন। ৩৫ দিনের টানা আন্দোলনে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় ভিসিকে।

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি একজন নারী সাংবাদিককে গালাগাল করার প্রেক্ষিতে আন্দোলনে ফুসে উঠেন শিক্ষার্থীরা। এই আন্দোলনে হামলা হওয়ার পরেও দমে যাননি তারা। টানা ১২দিন আন্দোলনের মুখে ৩০শে অক্টোবর পদত্যাগ করতে বাধ্য হন ভিসি অধ্যাপক ড. নাসিরউদ্দিন।

এদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে গতকালও আন্দোলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কৃষি ও কৃষির প্রাধান্য থাকা সাতটি সরকারি বিশ্ববিদ্যালয়ের সম্বন্বিত ভর্তি পরীক্ষায় যোগ্য অনেকে আবেদন করেও পরীক্ষা দেয়ার সুযোগ না পাওয়ার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০শিক্ষাবর্ষে বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে মেধাতালিকায় নাম আসার পরেও ভর্তি হতে না পারায় দুদিন ধরে আন্দোলন করে আসছেন বঞ্চিতরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই মুহুর্তে আন্দোলনে না থাকলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদে গতকাল সড়ক অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর