ঢাকায় খোকার ৪ জানাজা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ আসছে বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার। বাংলাদেশ সময় অনুয়ায়ী আগামীকাল বুধবার দুপুর ১২টা (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১ টায়) জেএফকে বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে খোকার মরদেহ ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

দেশে আসার পর রাজধানীতে খোকার চার দফা জানাজা অনুষ্ঠিত হবে।কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর জুরাইনে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন একাত্তরের এই গেরিলা যোদ্ধা।

এ ছাড়া আগামী বুধবার সারাদেশে শোক কর্মসূচি পালন করবে বিএনপি। সাদেক হোসেন খোকার মরদেহের সঙ্গে আসবেন তার স্ত্রী ইসমত হোসেন ও দুই ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন ও ইশফাক হোসেন ও একমাত্র মেয়ে সারিকা সাদেক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ১০ মিনিটে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার দলমত নির্বিশেষে সাদেক হোসেন খোকার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে মুক্তিযোদ্ধারা খোকাকে গার্ড অব অনার জানান।

দলের ভাইস চেয়ারম্যান খোকার মৃত্যুতে আজ মঙ্গলবার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচি অনুযায়ী আগামীকাল বুধবার ঢাকাসহ সারা দেশে শোক দিবস পালন করবে। এরই অংশ হিসেবে নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও পবিত্র কোরআন শরীফ খতম করা হবে।

আজ দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাদেক হোসেন খোকার লাশ গ্রহণ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

এরপর সকাল ১১ টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ দুপুর ১২ টায় সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।

রিজভী জানান, বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নামাজে জানাজা হবে। দুপুর ৩টায় নামাজে জানাজা হবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনে। সেখানে নামাজে জানাজা শেষে আগামীকাল বৃহস্পতিবার বাদ আসর গোপীবাগ নিজ বাসা হয়ে ধুপখোলা মাঠে জানাজা শেষে জুরাইন গোরস্তানে নেওয়া হবে। সেখানে বাবা-মার কবরের পাশে মুক্তিযোদ্ধা খোকার লাশ দাফন করা হবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর