চট্টগ্রামে দুই পেঁয়াজ আমদানিকারকের কারাদণ্ড

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে দ্বিগুণ দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে দুই জন পেঁয়াজ আমদানিকারককে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এবং উমর ফারুকের নেতৃত্বে রিয়াজুদ্দিন বাজারের নুপুর মার্কেট এবং ঘোষাল কোয়ার্টার মার্কেটে বাজার তদারকি অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ সেলিম হোসেন এবং ভোক্তা অধিকার অধিদফতর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক শাহিদা ফাতেমা চৌধুরী।

ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম জানান, বিগত কয়েকদিন চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জ সহ বিভিন্ন বাজার ও দোকানে প্রশাসনের বাজার অভিযানে দেশব্যাপী পেঁয়াজ আমদানিকারক ও আড়তদারদের ১৬ জন সিন্ডিকেটের একটি তালিকা পাওয়া যায়। যেখানে তিনজন সদস্য হিসেবে রিয়াজুদ্দিন বাজারের নুপুর মার্কেটের সৌরভ এন্টারপ্রাইজ, ঘোষাল কোয়ার্টার মার্কেটের জে এস ট্রেডার্স এবং এ হোসেন ব্রাদার্স নামে তিন আমদানিকারকের নাম পাওয়া গেলে মঙ্গলবার এ তিন আমদানিকারকের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সৌরভ এন্টারপ্রাইজ বন্ধ পাওয়া যায়। জে এস ট্রেডার্স এবং এ হোসেন ব্রাদার্সের কর্মচারীরা বর্তমানে পেঁয়াজ আমদানির বিষয়টি অস্বীকার করলেও দুই মালিককে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করেন যে, “তারা মিয়ানমার থেকে ৪২ টাকায় পেঁয়াজ আমদানি করে চট্টগ্রামের বিভিন্ন আড়তদারদের কাছে দ্বিগুন দামে এসব পেঁয়াজ বিক্রি করেন এবং পেঁয়াজ আমদানি ও বিক্রির যাবতীয় কাগজপত্র ও তথ্য নষ্ট করে ফেলেন।”

ম্যাজিস্ট্রেট বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ন্ত্রণ আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করে দ্বিগুণ দামে পেঁয়াজ বিক্রির দায়ে দুই আমদানিকারককে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

কারাদণ্ডাদেশ প্রাপ্ত দুই পেঁয়াজ আমদানিকারক হলেন জে এস ট্রেডার্সের মালিক মিনহাজ উদ্দিন বাপ্পি (২৮) এবং এ হোসেন ব্রাদার্সের মালিক আবুল হোসেন (৫২)।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর