ভর্তি পরীক্ষার অভিভাবক কর্ণার পরিদর্শন করলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে আগত ভর্তিচ্ছুদের অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ফটক সংলগ্ন স্থানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় তাবু টানিয়ে বসার ব্যবস্থাসহ তৈরি করা হয়েছে অভিভাবক কর্ণার।
ভর্তি পরীক্ষা দিতে এসে শিক্ষার্থী এবং অভিভাবকরা যেন কোন সমস্যায় না পড়েন সে দিকে লক্ষ্য রেখে এ ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী আজ (০৫ নভেম্বর) দুপুরে অভিভাবক কর্ণারে যান। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে আগত অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে জানতে চান। কোন সমস্যা হলে তিনি সেখানে দায়িত্বরত বিএনসিসি ও পুলিশ সদস্যদের জানাতে পরামর্শ দেন।
অভিভাবকরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য গৃহীত ব্যবস্থাপনাসহ নিরাপত্তাব্যবস্থার উচ্ছ্বসিত প্রশংসা করেন। বিশ্রামের ব্যবস্থা গ্রহণ করায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। অভিভাবক কর্ণার পরিদর্শন শেষে ভাইস চ্যান্সেলর প্রধান ফটকে স্থাপিত আর্চওয়ে গেটে যথাযথ নিরাপত্তা সতকর্তা অবলম্বন করা হয়েছে কি-না তা সরজমিনে পরিদর্শন করেন।
এসময় তাঁর সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ফ. ম. আকবর হোসাইন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. মোস্তফা কামাল, রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মিরপুর সার্কেল-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা শরীফ, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি জাহাঙ্গীর আরিফ প্রমুখ।
বার্তাবাজার/ডব্লিওএস